প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লোরে বসে বিশ্রাম নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ছবিটিতে দেখা যায়, দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ ভঙ্গিতে মেঝেতে বসে বিশ্রাম নিচ্ছেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এর চাইতেও সাধারণ প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ কি আগে কখনো দেখেছে, আল্লাহর কাছে ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি!'
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন প্রশাসনিক সংস্কার এবং সাধারণ মানুষের সাথে তাঁর সংযোগের নানামুখী খবর সামনে আসছে। ভাইরাল হওয়া এই ছবিটিতে তাঁর এমন সাদামাটা জীবনযাপন ও সাধারণ মানুষের মতো মেঝেতে বসে বিশ্রাম নেওয়ার বিষয়টি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই একে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও ইতিবাচক সংস্কৃতির প্রতিফলন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ফেব্রুয়ারির নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।