Image description

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে রাজনৈতিক দলের নেতাদের থাকার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। একই সঙ্গে একজন সংসদ সদস্য যাতে অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন, সেই নিয়ম ফিরিয়ে আনারও দাবি তুলেছেন এই বিএনপিপন্থি শিক্ষক নেতা।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে অন্তর্বর্তী সরকার ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতাদের থাকার সুযোগ বাতিল করেছিল। এই সিদ্ধান্তের সমালোচনা করে সেলিম ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ম করেছিল যে রাজনৈতিক নেতারা কমিটিতে থাকতে পারবেন না। বিএনপি নেতারা এসব দায়িত্বে আসার সুযোগ তৈরি হওয়ায় তারা এটি বাতিল করেছে।

সেলিম ভূঁইয়া বলেন, ‘আমাদের দাবি হলো- একজন এমপি যেন অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান যাতে হতে পারেন। এমপিরা যদি তদারকি না করেন, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হারিয়ে যাবে। পেশাজীবী ও শিক্ষকদেরও কমিটিতে রাখতে হবে।’

 

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির এ নেতা বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আরও অধিকতর যাচাই-বাছাই করে সেগুলো এমপিওভুক্ত করার দাবি জানিয়েছি আমরা। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণেরও দাবি জানিয়েছি। আশা করছি আমরা যে ১৩ দফা দাবি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দিয়েছি, তা অবিলম্বে পূরণ করা হবে।

উল্লেখ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।