Image description

কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ীবহরের চাপায় নুরানী মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যুতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

 

বিবৃতিতে তিনি বলেন, খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে। শিশুটি মারা যাওয়ার পরে সংসদ সদস্য হন্তারক গাড়ী ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপির নেতাদের সাথে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়ীর বহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটা নিছকই দুর্ঘটনা না বরং হত্যাকাণ্ড। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলবো, উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন।

 
 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব নিহত খালিদ বিন ওয়ালিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বলেন, একটা শিশুর মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরেও জাতীয় সংসদে এই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নাই।