রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে যানজট এখন নিত্যদিনের চিত্র। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)ও তার ব্যতিক্রম ছিল না। তবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিনের পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। ভোগান্তি থাকলেও যানজট নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বা প্রতিবাদের কোনো লক্ষণ দেখা যায়নি।
পুরান ঢাকা থেকে রওনা হয়ে যানজট পেরিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছান ব্যবসায়ী সেকেন্দার আলী। তিনি বলেন, দীর্ঘ সময় যানজটে আটকে থাকলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি পেয়েছি। আজ কখন পৌঁছাব- এই চিন্তার চেয়ে সংসদ ভবন এলাকায় পৌঁছানোই ছিল মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, গত ১৮ মাসে সাধারণ মানুষ নানা অস্থিরতা ও সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে। গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, শপথ অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হয়।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আশপাশের এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, আজকের যানজট নিয়ে সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান কোনো অসন্তোষ দেখা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে সড়ক অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট যানজটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সরাসরি প্রতিবাদও জানিয়েছে।
এদিকে কেরানীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাসে করে তিন যুবক জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন। দুপুরের দিকে তাদের বহনকারী বাসটি বিভিন্ন সড়ক পেরিয়ে তীব্র যানজটে পড়ে। একপর্যায়ে আজিমপুর বাসস্ট্যান্ডে বাস থামলে তারা নেমে হাঁটা শুরু করেন। তাদের একজন বলেন, বাসে বসে থেকে লাভ নেই। ভেতরে ঢুকতে না পারলেও দূর থেকে শপথ অনুষ্ঠান দেখব। আজকের যানজট তো এই অনুষ্ঠানকেই ঘিরে। যানজট নিয়ে তাদের মধ্যে বিরক্তির চেয়ে আগ্রহ ও উচ্ছ্বাসই বেশি লক্ষ্য করা যায়।
শপথ অনুষ্ঠান উপলক্ষে বিকেলের দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর অবস্থান দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন।