Image description

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার ১৮ মাস পর বরিশালে আওয়ামী লীগ অফিসে দলীয় ব্যানার-পতাকা পুনরায় টাঙিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিবির পুকুরপাড়ে জনতার পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসে ওই ব্যানার ও জাতীয় পতাকা লাগানো হয়।

এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় নগরজুড়ে।

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিশাল আকারের একটি ব্যানার টাঙায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব খানের অনুসারীরা। ওই ব্যানার পতাকা টাঙিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় তারা। ব্যানারে লেখা ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আজকে শপথ অনুষ্ঠান উপলক্ষে আমি ঢাকায় অবস্থান করছি। তবে শুনেছি পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সদস্যরা একটি ব্যানার টাঙিয়ে ২-৩ মিনিটের একটি ভিডিও বানিয়ে আবার তারাই খুলে নিয়ে গেছে। এভাবে ২-৩ মিনিটের ব্যানার টাঙিয়ে তো রাজনীতিতে ফেরা যায় না। আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

বিষয়টি সম্পর্কে জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।

শীর্ষনিউজ