Image description

নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কি না—এমন প্রশ্নকে ‘স্বচ্ছ পানিকে ঘোলা করা’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, ‘আপনি খবর পেয়েছেন? এমন কিছু আমার কাছে তেমন কোনো খবর নেই। এসব প্রশ্ন করে শুধু শুধু একটা স্বচ্ছ পানিকে ঘোলা করা; এটার কোনো প্রয়োজন নাই তো। আমি একটা কথা বলি, একটা সরকার চলে যায়, আরেকটা সরকার আসে, এটাই নিয়ম। এমন তো কোনো নিয়ম নেই যে একটা সরকার চলে গেলে ওই সরকারের কিছু মন্ত্রীকে পরের সরকারে নিতে হবে। এরকম তো কোনো নিয়ম নেই।’

তিনি বলেন, ‘এগুলো প্রশ্ন আসে কোথা থেকে? কেন আসে, বুঝি না আমি। যদি বিএনপি আপনাকে বলেছে? বিএনপি কি আপনাকে জিজ্ঞেস করতে বলেছে? বিএনপি তো আপনাকে বলে নাই। এগুলো তারা যদি কাজে লাগায়?’

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে জানতে চাওয়া হয়, উপদেষ্টাদের কেউ ‘সেফ এক্সিট’ নিচ্ছেন কি না। জবাবে তিনি বলেন, ‘এখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেখানে বলাই আছে পরের নির্বাচনগুলো ওই সরকারের অধীনে হবে। আরেকটা কথা হচ্ছে, ফাইয়াজ আহমেদ তৈয়ব সাহেব চলে গেলেন—মানে কী? এটা বলার আগে বলতে হবে, ফাইয়াজ আহমেদ তৈয়ব সাহেব দেশে এসেছিলেন। উনি তো দেশে থাকতেন না। উনি কাজ করতেন নেদারল্যান্ডসে।

‘ওইখানেই তার পরিবার, ওইখানেই তার সংসার। উনি দেড়টা বছর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে। তিনি তার পরিবারের কাছে ফেরত গেছেন। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করেন—উনি ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্ব পালন করে গেছেন। তিনি যে টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছেন, এগুলো অনেকের পছন্দ হয়নি। তারা বলছে, তিনি গোপনে চলে গেছেন।’