ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মানুষবিহীন আকাশযান (ইউএভি) ব্যবহার করবে বাংলাদেশ বিমানবাহিনী। দেশের আকাশ থেকে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নির্বাচনী পরিবেশ মনিটরিং করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর।
সারা দেশে মোট ৩ হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার ও পরিবহন বিমানের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) ভূমিকায় একাধিক ইউএভি মোতায়েন করা হয়েছে।
এসব ইউএভি আকাশ থেকে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে মাঠে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোতায়েনকৃত ইউএভিগুলো দেশের আকাশসীমা সুরক্ষায় একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত এবং বর্তমানে তা সক্রিয় রয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় আকাশ থেকে প্রাপ্ত লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।