কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে টাকা বহনের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ। তিনি বলেন, বিষয়টি প্রথমে আমাদের বিমানবন্দরের কর্তব্যরত অফিসারের দৃষ্টিতে আসলে তিনি কাস্টমস কতৃপক্ষকে জানান। তখন কাস্টমস কতৃপক্ষ অনাপত্তি জনিয়ে বলেন যেহেতু অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহন তাই তাদের কোনো আপত্তি নেই। আমাদের অভ্যন্তরীণ রুটে নগদ টাকা পরিবহনের তেমন কোনো সীমাবদ্ধতা নেই।
এরআগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ঠাকুরগাঁও জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধ কোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বেলাল উদ্দিন একজন বড় ব্যবসায়ী। তিনি কাস্টমসস ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছাড়পত্র নিয়েই টাকা বহন করেছেন। সৈয়দপুর এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এই ধরনের একটি নাটক সাজিয়ে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস চালানো হয়েছে।