নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জামায়াত আমির একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের টাকা বহন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নাটক সাজিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। আমরা সব জায়গায় এ ইস্যু জানিয়েছি।
তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস ঘটানো হয়েছে। এক সন্ত্রাসী দল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের আমিরের আসনে গতকাল নির্বাচনি বুথ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া সারাদেশেই আমাদের নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা ঘটছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দলের এজেন্টদের সরিয়ে দেওয়া ও হামলার অভিযোগও তোলেন তিনি। মাহবুব জুবায়ের বলেন, মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাকা বিমানবন্দর থেকে ছাড়পত্র দেওয়ার পরও সৈয়দপুরে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ অনাপত্তিপত্র দিয়েছিলেন।
এদিকে, এদিন দুপুরে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।
‘জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।’
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।
এর আগে, বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ৫০ লাখ টাকাসহ আটক করে পুলিশ।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে নগদ টাকা উদ্ধার করা হয়।
আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, পরিমাণ ৫০ লাখ টাকার বেশি। এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসা করেন।