Image description

নোয়াখালী-২ আসনের সেনবাগে একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের দেওয়াল লিখন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে এটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের তিন পাশেই ধানের শীষ প্রতীকসহ দেওয়াল লিখন করা হয়েছে।

আবুল বাশার নামে স্থানীয় এক বাসিন্দা জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার ভোটগ্রহণ। এভাবে দেওয়াল লিখনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এ ধরনের দেওয়াল লিখন করা হলো তা বুঝতে পারছি না।

স্থানীয় বিএনপি বা ধানের শীষের কর্মী সমর্থদের কেউ কথা বলতে রাজি হয়নি। এ আসনের বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

তবে তার প্রতিপক্ষ বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ধানের শীষের কর্মীরা প্রতিনিয়ত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। এসব বিষয়ে বার বার অভিযোগ ‍দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।

নোয়াখালী-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ এস এম শামীম রেজা জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।