Image description

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতভর চালানো বিশেষ অভিযানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউসের পাশের টিনশেড স্টোর রুমে অভিযান চালায়। সেখান থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের কামালের ছেলে শাহীন (২০) এবং দিয়ার বাঘইল গ্রামের হজরত প্রামানিককে (৪৭) গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি সচল সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর) লোডেড ম্যাগাজিনসহ ৬৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি ২২ বোর রাইফেল, ম্যাগাজিন ও কার্তুজসহ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।

 

একই রাতে ঈশ্বরদীর মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম খোকন (৩৩)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় পরিত্যক্ত পানির ট্যাংকের ভেতর থেকে একটি সচল ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো নাশকতার পরিকল্পনা জড়িত ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।