Image description

দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনও বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলছেন।

 

সংগীতের পাশাপাশি রাজনীতি কিংবা খেলাধুলা নিয়ে সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই নিজের মতামত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি মন্তব্য করেছেন রাজনীতি নিয়ে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, সতেরো বছর পর দেশে একটা উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার প্রত‍্যক্ষ ভোটে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দেশের সব দায়িত্বশীল বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটকেন্দ্রে কাজ করবে। সব রাজনৈতিক দল এবং প্রার্থীরাও চান একটি অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ‍্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ, গুজব, নানান আশঙ্কার নাগপাশ ছিড়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের জন‍্য যথেষ্ট অর্থপূর্ণ এবং গূরুত্ববহ।

 

জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিজয়কে সুসংহত করা এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন‍্য আমাদের ভোটকেন্দ্রে যেতে হবে উল্লেখ করে তিনি আরও লেখেন, সেখানে পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। অলসতা এবং অবহেলার মানসিকতা না রেখে প্লীজ সবাই ভোট কেন্দ্রে আসুন। ভোটের মাধ‍্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়। দেশের সাধারণ নাগরিক হিসেবে আমিও ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করব। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসুন সবাই মিলে উৎসবমুখর পরিবেশে ভোট দেই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পথকে ত্বরান্বিত করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সফল হোক, স্বার্থক হোক। ভালোবাসা অবিরাম।

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম।ভোট কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকেই। সরকারও ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যে আমেজ লেগেছে তারকাদের মধ্যেও।