২০২৪ সালের আগস্টের সেই উত্তাল ও ক্রান্তিকালীন সময়ে দায়িত্ব গ্রহণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইচ্ছার কথা জানান।
দায়িত্ব পালনের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, যখন তিনি বিশ্ববিদ্যালয়ের হাল ধরেছিলেন তখন প্রশাসনিক কাঠামো অকেজো এবং একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্থবির ছিল। গত দেড় বছরে সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে সেই অস্থিতিশীল পরিস্থিতি থেকে একটি ঊর্ধ্বমুখী ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বর্তমান স্থিতিশীল অবস্থাকে তিনি দায়িত্ব হস্তান্তরের জন্য একটি উপযুক্ত পর্যায় হিসেবে মনে করছেন।
পদত্যাগের ঘোষণা দিলেও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা এড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি জানান, হুট করে সরে গিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চান না। বরং একটি সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব হস্তান্তরের (স্মুথ ট্রানজিশন) স্বার্থে সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনেরা যদি মনে করেন, তবে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে রাজি আছেন। মূলত বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ এবং ধারাবাহিকতা বজায় রাখাই এখন তার প্রধান লক্ষ্য।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুনর্ব্যক্ত করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান এবং এর মর্যাদা ও প্রাতিষ্ঠানিক কাঠামো রক্ষা করা সবার দায়িত্ব। পরিস্থিতির উত্তরণ ঘটায় তিনি এখন নিজের মূল পেশা শিক্ষকতায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।