Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। এই নির্দেশনা অনুযায়ী, আগামীকাল বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকেই কার্যকর হচ্ছে, যা শুক্রবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন যেমন—ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, সংবাদপত্র এবং ফায়ার সার্ভিসের গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া বিমানযাত্রীরা প্রমাণপত্র বা টিকিট দেখিয়ে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন। দূরপাল্লার যানবাহন এবং মহাসড়কগুলোতে চলাচলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যক্তিরা কমিশনের অনুমতি ও স্টিকার সাপেক্ষে তাদের নির্ধারিত যানবাহন ব্যবহার করতে পারবেন।

ভোটের দিন ভোটাররা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে কেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন বিশেষজ্ঞরা জানিয়েছেন। টেলিকম সেবা ও অন্যান্য জরুরি প্রাতিষ্ঠানিক যানবাহন চলাচলেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মূলত ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত এবং যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।