পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের কর্মী-সমর্থকদের সাথে বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সোমবার গভীর রাতে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে, যাতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, রাস্তার উপর টাঙানো নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
সংঘর্ষের খবর পেয়েই এনসিপি (১১ দলীয় জোট) প্রার্থী সারজিস আলম ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।