Image description
 

রাজবাড়ী-২ সংসদীয় আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নিজেই আর্থিক সহায়তার কথা বলেন।

আব্দুল মালেক মণ্ডল বলেন, তিনি কালুখালী উপজেলার সূর্যদিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে দীর্ঘ ১৮ বছর ধরে তার বেতন বকেয়া রয়েছে, যার পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা। বেতন বকেয়া ও আর্থিক সংকটের কারণে তিনি নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপানোসহ প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রম চালাতে পারছেন না।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আমি চরম আর্থিক সংকটে রয়েছি। এ কারণেই নির্বাচনী প্রচারণা চালাতে প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তার আবেদন করেছি। আর্থিক সহযোগিতা পেলে নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারব এবং জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাব। ভোটারদের সমর্থনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

 

তিনি আরও বলেন, শিক্ষক জীবনের দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণে তার সংসার অচল হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। আর্থিক ও মানসিক সংকটের মধ্যেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।