Image description

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সংগঠনের কর্মীদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়— ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘আমার ভাই আহত কেন, অন্তর্বর্তী সরকার জবাব চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব’।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী মোহাম্মদ রহিম বলেন, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধাদের ওপর যমুনায় যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তা স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া পুলিশি সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিতে চাই— হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না।

তিনি আরও বলেন, যদি এই হামলার উদ্দেশ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়ে থাকে, তবে তার কঠোর জবাব বাংলাদেশের জনগণ দেবে। অনতিবিলম্বে হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।