Image description

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা শিক্ষা ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জের মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

 

রাশেদ খান বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি উপবৃত্তি চালু করেছিলেন। এ রকম অসংখ্য উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি।

পুরুষ বা নারী এভাবে আমি বিভক্ত করতে চাই না। যে ঘরে সন্তান জন্ম নেবে, সে সন্তান স্কুলে যাওয়ার বয়স হলে স্কুলে যাবে। নারী-পুরুষ কোনো বৈষম্য সৃষ্টি করতে চাই না। প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাব আমরা।

 

তিনি বলেন, ‘এখন আমার কাছে মনে হচ্ছে আগের তুলনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে সমালোচনা ছিল। তবে নির্বাচনের আগে সবকিছু তিনি সামাল দিতে পারছেন। নির্বাচন কমিশন তো একা নির্বাচন করে না। রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা করে, সেক্ষেত্রে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব।

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা রয়েছে।’

 

নির্বাচনী সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।