Image description

রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে ১৫২ টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে ধুপখোলা মাঠের পাশে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভবনের নিচ থেকে স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাৎক্ষণিক সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার।

সাত তলা ভবনটির দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া অন্যান্য অংশের প্রায় পুরোটাই স্কুল ও কলেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকায় ওই কলেজেটি রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে আমরা ভবনটি সার্চ করি। এখানের প্রত্যেকটি রুম তন্ন তন্ন করে সার্চ করি। এতে আমরা ১৫২ টি স্ট্যাম্প পেয়েছি, আর‌ অন্য কোনও কিছু পাইনি। এগুলো আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি।

অন্য কোনও ধরনের অস্ত্র ছিলো কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, বস্তার মধ্যে অন্য কোনও কিছু ছিলো না। শুধু ১৫২ টি স্ট্যাম্প পেয়েছি।