বিদেশে প্রতি বছর ৫০ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়। ১৩তম জাতীয় নির্বাচন সামনে রেখে প্রকাশিত এই ইশতেহারের শিরোনাম,‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’।
বিদেশে কর্মসংস্থান নিয়ে দলটি জানায়, বিদেশে গমনেচ্ছু বেকার জনগোষ্ঠীর জন্য নতুন কর্মবাজার অনুসন্ধান, প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং কম খরচে বিদেশ যাত্রার জন্য আন্তঃসরকার চুক্তি করবে। পাশাপাশি আগ্রহী প্রার্থীদের সহায়তা প্রদান এবং সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।
এছাড়া ইশতেহারে দেশের প্রতিটি জেলায় দক্ষতা উন্নয়নের জন্য হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট জোন (এসডিজেড) গঠনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। দলটি শিল্পখাতে বৈচিত্র্য আনার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশি রেমিট্যান্স বাড়ানোর কথাও উল্লেখ করেছে।
সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন ফি বাতিল, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম আইন সংস্কারের কথাও ইশতেহারে রয়েছে।
দলটি বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি ও যুবসমাজের কল্যাণে উল্লেখযোগ্য পরিবর্তন আনার আশা ব্যক্ত করেছে।