Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের মাঠে নারী ভোটারদের উদ্দেশ্যে বুধবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফজরের নামাজ জামাতে পড়ে ভোটের লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিতে না পারে।

 

সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করে ফরিদপুরে কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ১৫ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশের প্রতিটি মানুষকে ৫ আগস্টের মতো রাজপথে এবং ভোটকেন্দ্রে নেমে আসতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ‘আমরা গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখেছি। এই অবস্থার আমূল পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, এ দেশ কোনো দলের নয়, কারো ব্যক্তিগত নয়—এ দেশ জনগণের।’