টুডে রিপোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি মেঘনা গ্রুপ এর একটি হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছান।
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমানের এই সফরটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, মেঘনা গ্রুপ ও এর মালিক মোস্তফা কামালের সঙ্গে দীর্ঘদিন ধরেই *বাংলাদেশ আওয়ামী লীগ*-এর ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ, পলাতক শেখ হাসিনা ও সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক ও রাজনৈতিক সখ্যের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে।
সমালোচকরা বলছে, আওয়ামী লীগের শাসনামলে মেঘনা গ্রুপ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রভাবশালী অবস্থান তৈরি করেছে এবং রাজনৈতিকভাবে দলটিকে সহায়তা দিয়েছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে মেঘনা গ্রুপের বিমানে বিএনপি চেয়ারম্যানের যাতায়াত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে বিএনপি বা মেঘনা গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে জনসভাকে ঘিরে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে সমাবেশস্থল ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।