Image description

ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ শেষে যখন ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়ছিলেন হামজা চৌধুরী, তখন শঙ্কায় পড়েছিলেন লেস্টার সিটি ও বাংলাদেশ দলের ভক্তরা।

ডান হাঁটুর লিগামেন্টে  চোট পাওয়ায় আশঙ্কা করা হচ্ছিল দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে এসেছে বড় ধরনের স্বস্তির খবর—হামজার চোট সারিয়ে তুলতে কোনো অস্ত্রোপচার বা সার্জারির প্রয়োজন নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হামজাকে হয়তো ছুরি-কাঁচির নিচে যেতে হবে।

খোদ লেস্টার কোচের কথাতেও সেই শঙ্কার প্রতিধ্বনি শোনা গিয়েছিল। কিন্তু সর্বশেষ স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার লিগামেন্টে বড় কোনো চিড় বা সমস্যা নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কোনো অপারেশন ছাড়াই কেবল ৬ থেকে ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেই তিনি আবার মাঠে ফিরতে পারবেন।

হামজার এই সুখবর সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে।

সামনেই এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াই। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। অস্ত্রোপচার না লাগায় এই সময়ের মধ্যে হামজা পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবেন বলে আশা করা হচ্ছে।

 

চোটের কারণে ইংলিশ চ্যাম্পিয়নশিপে আগামী ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে তাকে দেখা যাবে না। তবে দীর্ঘমেয়াদী ইনজুরি থেকে বেঁচে যাওয়ায় পেশাদার ফুটবলে তার ফেরাটা এখন কেবল সময়ের ব্যাপার। সঠিক রিহ্যাব শেষে ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের শুরুতেই তিনি অনুশীলনে ফিরতে পারেন।

অস্ত্রোপচারের শঙ্কা কাটিয়ে হামজার এমন দ্রুত ফেরার বার্তা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের উন্মাদনার মাঝে এক বড় পাওয়া।