পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের বিপরীতে সুদের ওপর আগের মতই কোনো উৎসে কর কাটা হবে না। আর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের ওপর উৎসে কর হবে ১০ শতাংশ।
জাতীয় সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের বিপরীতে অর্জিত সুদের ওপর থেকে ১০ শতাংশ নয়, পাঁচ শতাংশ হারে উৎসে কর কাটার কথা বলেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
মঙ্গলবার এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে বলে কর আদায়কারী সংস্থাটির একজন জেষ্ঠ্য কর্মকর্তা নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের বিপরীতে সুদের ওপর আগের মতই কোনো উৎসে কর কাটা হবে না। আর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদের ওপর উৎসে কর হবে ১০ শতাংশ।
গত জানুয়ারি মাস থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হচ্ছিল বলে অভিযোগ আসছিল। সেই প্রেক্ষাপটে এনবিআর উৎসে কর কত হবে তার স্পষ্ট করল।
চলতি বছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে কিছু ক্ষেত্রে সুদহার কমানোর সিদ্ধান্ত হয়েছিল, পরে সমালোচনার মুখে সেখান থেকে সরে আসে সরকার। গ্রাহকরা এখন আগের ছয় মাসের মতই সুদ পাচ্ছেন।