শুধু সন্দেহের ভিত্তিতে পটুয়াখালী জেলার বাউফল থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভিযান পরিচালনায় প্রতিবাদ এবং গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতি এ উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, গতকাল ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে বাউফল থানার পুলিশের একটি দল পটুয়াখালী জেলার বাউফল থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালালেও আপত্তিকর কিছু পায়নি। উদ্বেগের বিষয় হল, তল্লাশির সময় বাউফল থানা ছাত্রদলের আহ্বায়ক কয়েকজন অনুসারীসহ জামায়াতে ইসলামীর থানা কার্যালয় থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন।
এতে প্রতীয়মান হয় যে একটি বড় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদলের প্ররোচনায় পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে এই অভিযান পরিচালনা করেছে। আমি পুলিশের এই পক্ষপাতদুষ্ট তল্লাশির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। ক্লিন ইমেজের দল হিসেবে দেশে-বিদেশে জামায়াতে ইসলামীর সুনাম রয়েছে। এমন একটি সংগঠনের বিরুদ্ধে অন্যের প্ররোচনায় অভিযান পরিচালনা করা অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও অনৈতিক। আমরা মনে করি, বাউফল থানার ওসি তার নিরপেক্ষতা হারিয়েছেন। তাকে বহাল রেখে আসন্ন জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়।
অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে নির্বাচনী কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।