Image description
 

বরগুনার আমতলী উপজেলায় একই রাতে দুটি সরকারি কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় আমতলী উপজেলা কৃষি অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় থেকে কম্পিউটার, নগদ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে এই লুটপাটের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজের বরাতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, দুর্বৃত্তরা অফিস ভবনের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে আমতলী উপজেলা কৃষি অফিসে প্রবেশ করে। এরপর তারা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উচ্চমান সহকারীর কক্ষসহ মোট তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা।

এদিকে একই রাতে আমতলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়েও চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, মো. সোহাগ মিয়া। তিনি জানান, চোরেরা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র এলোপাতাড়ি ছড়িয়ে-ছিটিয়ে রাখে। তবে কার্যালয়ে নগদ অর্থ না থাকায় তারা কিছু চুরি করতে পারেনি।

ঘটনার সত্যতা স্বীকার করে আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

শীর্ষনিউজ