Image description
 

রাজধানীর হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণাকালে হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সমর্থিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের (কোদাল প্রতীক) মিছিলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের (ফুটবল প্রতীক) সমর্থকদের হামলায় অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারের মীরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)।

আহত কর্মীদের দেখতে হাসপাতালে এসে সাইফুল হক অভিযোগ করেন, মীরবাগ এলাকায় নির্বাচনি মিছিল শেষে ফেরার পথে বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাবো। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক আরও বলেন, ঢাকা-১২ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ বলে মনে করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুদ গণমাধ্যমকে বলেন, কোদাল প্রতীকের গণসংযোগের সময় ফুটবল প্রতীকের মিছিল মুখোমুখি হয়ে যায়। তখন উত্তেজনা হলেও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

শীর্ষনিউজ