বাৎসরিক টাকার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক, পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা মালিকপক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা দাবি করে আসছে। কর্তৃপক্ষ শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা অর্ধেক দিতে রাজি হয়। কিন্তু শ্রমিকরা পুরো টাকা দাবি করে, এতে কর্তৃপক্ষ সেটি মানে না।
পরে রবিবার বিকেলে কারখানার ভেতর কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।
খবর পেয়ে শিল্প পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা সড়কের পাশে অবস্থান নিয়ে পুনরায় সড়ক অবরোধের চেষ্টা করছে।
কারখানার শ্রমিকদের দাবি, মালিক পক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা দাবি করলে তারা অর্ধেক টাকা দিতে রাজি হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল নিটেক্স কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। মালিক পক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।