Image description

জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় বক্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ।

রবিবার (১ ফেব্রুয়ারি) শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তাকে জাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি হিসেবে পরিচয় করিয়ে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়।

বক্তব্যে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, 'দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী চাঁদাবাজি, টেন্ডারবাজি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করছে। নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা হলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।'

বক্তব্যের শেষাংশে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, হাফেজ মো. মামুনুর রশিদ জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সংগঠনটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদ আহমদ।

উল্লেখ্য, জাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এখানেও ছাত্রশিবিরের নেতৃত্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে।

এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।