Image description

এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেননি, তারাই ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

অথচ এদেশের ১৮ কোটি মানুষ সেটি চায়না। সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশের গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো, আর বিলুপ্ত গণতন্ত্রকে বার বারই বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ করতে গিয়ে স্থানীয় মানিক পাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে। রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পুরণের দেশ গড়তে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বিএনপির পরিকল্পনা হচ্ছে, দেশে শিক্ষিত বেকার তৈরি করা নয়। শিক্ষার পাশাপাশি কর্মক্ষম হাতের সৃজন করা। এজন্য আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই ।

সালাহউদ্দিন আহমদ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করবো,খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো। শুধু তাই নয়, দেশের মানুষের জন্য বিএনপির আরো অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা এখন নির্বাচনি মাঠে রয়েছেন, দেশের মানুষের জন্যে তাদের কোনো পরিকল্পনা নাই। তারা ব্যস্ত রয়েছেন দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে। তিনি আরও বলেন, বিগত সময়ে দেশে যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তার শৃংঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।