Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি থাকলেও এখনও টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আজই বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত অবস্থান ঘোষণা করা হতে পারে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বা বর্জনের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিশ্বকাপকে সামনে রেখে নির্ধারিত জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি, যা অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করেছে। একই সঙ্গে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা মাথায় রেখে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত করে রেখেছে বোর্ড।

সূত্রের বরাতে জানা গেছে, যদি কোনো কারণে পাকিস্তান বিশ্বকাপে না খেলে, তাহলে লাহোরে চার দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স এবং অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের সমন্বয়ে চারটি দল গঠন করা হবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করলেও আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে এর প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

এর আগে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ নিয়ে শুক্রবার অথবা সোমবারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। যদিও নির্ধারিত দিনে কোনো ঘোষণা আসেনি, তবে আজই সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত প্রকাশ পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।