Image description

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানরেন এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, ডা. শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাকড হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কীভাবে করেছে তা তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

এবিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে তাহলে তা সঙ্গে সঙ্গেই জনগণকে অবহিত না করে কেনও ১২ ঘণ্টা পরে জিডি করা হলো।