Image description
প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে চলবে হজ ও অভ্যন্তরীণ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল (তৃতীয় টার্মিনাল) পরিচালনায় জাপান কনসোর্টিয়ামের সঙ্গে অবশেষে আজ সোমবার চুক্তি সম্পন্ন হচ্ছে। ১৫ বছর মেয়াদি এ চুক্তি অনুযায়ী পুরোপুরি চালুর পর থার্ড টার্মিনালের নির্ধারিত আয়ের মাত্র ২৭ ভাগ পাচ্ছে বাংলাদেশ, বাকি আয়ের ৭৩ ভাগই যাচ্ছে জাপানে। পাশাপাশি চুক্তির সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একশ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ কোনো বাণিজ্যিক বিমানবন্দরও চালু করতে পারবে না। সংশ্লিষ্ট সূত্রে মিলেছে এ তথ্য।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, চুক্তিতে বেবিচক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান জাপানি কনসোর্টিয়ামের মধ্যে রাজস্ব বণ্টনের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে। তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সে তারিখ থেকে বেবিচকের রাজস্বের অংশ বৃদ্ধি পেয়ে ২৭ শতাংশে উন্নীত হবে।

বেবিচক সূত্র বলছে, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের ৮ মাসের মধ্যে এ টার্মিনাল থেকে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। এরপর থেকে শাহজালালের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট চালানো যাবে না। কার্যত এ দুটি টার্মিনাল ‘অলস’ পড়ে থাকবে। পাশাপাশি চুক্তির শর্তানুযায়ী থার্ড টার্মিনালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে নতুন একটি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানও নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম।

 
 
 

অবশ্য গত শনিবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ ও আর্থিক স্বার্থ সুরক্ষার পাশাপাশি পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চুক্তিতে সুনির্দিষ্ট শর্তাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে।

 
 

তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

 

বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচক কর্মকর্তারা বলছেন, জাপানি কনসোর্টিয়াম তৃতীয় টার্মিনালে আয়ের যে ৭৩ শতাংশ পাবে, তা পুরোপুরি ঠিক নয়। কারণ একটি টার্মিনালে নানা খাত থেকে আয় হয়।

চুক্তির শর্তানুযায়ী তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়ার মতো নন-অ্যারোনটিক্যাল আয়ের ৭৩ ভাগ পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। কারণ তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়া হলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে, ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়ন্ত্রণে থাকবে।

(বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, পুরো বিমানবন্দরের অ্যারোনটিক্যাল, ওভারফ্লাইট চার্জসহ অন্যান্য খাত থেকে পাওয়া আয় বেবিচকেরই থাকছে।

তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল কার্যত পড়ে থাকবে না। এ দুটি টার্মিনাল থেকে মূলত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালানো যাবে না। বাণিজ্যিক সব ফ্লাইট তৃতীয় টার্মিনালে সরিয়ে নেওয়ার পর প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে হজ ফ্লাইট, ভিআইপি ফ্লাইট ও নন-শিডিউল ফ্লাইট চালানো হবে। এ ছাড়া, এ দুটি টার্মিনাল অভ্যন্তরীণ টার্মিনাল হিসেবে ব্যবহারের পাশাপাশি বড় ধরনের সংস্কার কাজ করা হবে।

আগামী ১৫ বছরে শাহজালালের ১০০ কিলোমিটারের মধ্যে কোনো বিমানবন্দর তৈরি করে বাণিজ্যিক ফ্লাইট চালানো যাবে না— চুক্তিকে এমন শর্তের বিষয়ে চেয়ারম্যান বলেন, এটা অযৌক্তিক কিছু নয়। কারণ ১৫ বছরের মধ্যে বাণিজ্যিক বিমানবন্দর চালু করা বাস্তবে সম্ভব নয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। চুক্তির মেয়াদকালে যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম ক্রয়, স্থাপন ও চালুকরণের দায়িত্বও পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর থাকবে। পাশাপাশি যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণমূলক কাজ সম্পাদন করবে প্রতিষ্ঠানটি। টার্মিনালের পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোকসজ্জা, লিফট ও এসকেলেটরের সচলতা, যাত্রীদের চেক-ইন, ব্যাগেজ সরবরাহ, কার্গো হ্যান্ডলিং, গাড়ি পার্কিং এবং অন্যান্য যাত্রীসেবার মান নিশ্চিত করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

চুক্তিতে ব্যাগেজ সরবরাহের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এয়ারক্রাফট থামার পর থেকে ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে এবং সর্বশেষ ব্যাগেজ সরবরাহের নির্ধারিত সময়সীমা ন্যারো-বডির ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইডবডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট হবে। এ ছাড়া, যাত্রীদের দ্রুত চেক-ইন সেবা নিশ্চিত করতে চেক-ইন কাউন্টারের সারিতে অপেক্ষার গড় সময়ও নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সচলতা নিশ্চিত করতে টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা, ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৮ অথবা ৯৫ শতাংশ সময় সচল রাখতে হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।

বেবিচকের একজন কর্মকর্তা জানিয়েছেন, সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে চুক্তিতে।

যেসব সুবিধা মিলছে থার্ড টার্মিনালে:

বেবিচক কর্মকর্তারা জানিয়েছেন, ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের থার্ড টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দিতে এ টার্মিনালে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইন্স টিকিট কাউন্টার রয়েছে। এ ছাড়া, আগমনি যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি সুপরিসর ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে তৃতীয় টার্মিনালে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র রাখা হয়েছে।

এ ছাড়া, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সহজ চলাচল নিশ্চিত করতে রয়েছে মুভিং ওয়াকওয়ে, এক্সেলেটর এবং লিফট। পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনালে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এ নতুন এক্সপোর্ট ও ইমপোর্ট টার্মিনালের মাধ্যমে কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা চারগুণ বৃদ্ধি পাবে।