Image description
বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে উৎপাদন ছাড়াও সরবরাহব্যবস্থা, ব্যবসাবাণিজ্য ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডে

দেশে বিদ্যুৎ সংকটের কারণে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে অর্থনীতির ক্ষতি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এ সময়ে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা। বিদ্যুতের অভাবে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতের উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় এ বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ : ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক গবেষণায় বলা হয়, গত তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল মোট চাহিদার ৩ থেকে ১০ শতাংশ। এ কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০২৫-২৬ অর্থবছরের জিডিপির প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশ। গবেষণায় বলা হয়েছে, প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। শিল্প খাতে এ ক্ষতির পরিমাণ আরও বেশি, প্রতি ইউনিটে ৩১০ টাকা। বিদ্যুৎ সংকটের প্রভাব শুধু উৎপাদনেই সীমাবদ্ধ থাকছে না; সরবরাহব্যবস্থা, ব্যবসাবাণিজ্য ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

গবেষকদের হিসাব অনুযায়ী, তিন মাসে লোডশেডিংয়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। তাই জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। গবেষণায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের গুরুত্বও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রতিদিন অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দৈনিক প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুতের ঘাটতি কমানো সম্ভব। অন্যদিকে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বাড়তি ব্যয় বহন করছে। তবে আমদানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি খাত পুনর্গঠনে প্রধানমন্ত্রীর অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমদানি ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে দুই ধাপে ৩০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এদিকে গবেষণায় আরও দেখা গেছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত স্থাপিত সক্ষমতা থাকলেও জ্বালানিসংকট ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে তা কাজে লাগানো যাচ্ছে না। গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ অতিক্রম করেনি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা বিবেচনায় দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।

বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসের বৈচিত্র্য না থাকাকেও সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে দেশের মোট বিদ্যুতের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। বিপরীতে পাকিস্তানে এ হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। বিশেষ করে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতের সংকট আরও জটিল হচ্ছে।

সংকট মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন দক্ষতা বাড়ানো, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান দুটি। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক, নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ, দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ প্রমুখ।