Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে। যার প্রতিফল আমাদের ভোগ করতে হচ্ছে। দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার, বিচার নিশ্চিত করা যায় নাই, চব্বিশের পরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চূর্ণ হয়েছে। এমনকি সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে। যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বিএনপির প্রতি আহবান রেখে বলেন, ‘জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল, রাষ্ট্র সংস্কার এবং পতিত ফ্যাসিবাদের বিচার। সত্য হলো, সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচার গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হোন।’

বিরোধীদলের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, ‘নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে তাহলে তার দায় এড়াতে পারবেন না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি আহ্বান করে বলেন, ‘আপনাদের পতনের অন্যতম কারণ ছিল, সহিংসতা ও সন্ত্রাস। পতনের পরেও সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। সেজন্য বলবো, জাতির কাছে বিনীত ক্ষমা প্রার্থণা করুন, শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছে তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচার করা টাকা ফেরত দিন।’

জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী,  উপাধাক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।