Image description

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব তহবিলে রয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকা। অথচ সংস্থাটি সিলেটে নতুন একটি শহর গড়তে চায় প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে। নিজস্ব তহবিলের তুলনায় প্রকল্প ব্যয় চার থেকে পাঁচ গুণ বেশি। বিপুল এ অর্থের জোগান দিতে সংস্থাটির প্রধান ভরসা প্লট বিক্রি। প্রয়োজনে নেওয়া হবে ব্যাংকঋণ। প্রত্যাশিত হারে প্লট বিক্রি না হলে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে সংস্থাটি।

সুরমা নদীর তীরে প্রায় ১ হাজার ১০০ একর জমিতে গড়ে তোলা হবে এ শহর। নাম দেওয়া হয়েছে ‘এনএইচএ সুরমা রিভারভিউ মডেল টাউন’। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে প্রবাসীদের জন্য থাকবে বিশেষ আবাসিক জোন। শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, বিপণিবিতান, পার্কসহ রাখা হবে আধুনিক নাগরিক সুবিধা। প্রকল্পের জমি উন্নয়নেই রয়েছে বড় চ্যালেঞ্জ। গড়ে ১০ থেকে ১১ ফুট পর্যন্ত মাটি ভরাট করতে হবে। এতে ব্যয় হবে প্রকল্পের অর্থের বড় একটি অংশ।

এখনো শেষ হয়নি সম্ভাব্যতা সমীক্ষা। চূড়ান্ত হয়নি মাস্টারপ্ল্যান। যাচাই করা হয়নি প্লটের প্রকৃত চাহিদা। এর মধ্যেই চলছে প্রকল্প গ্রহণের তোড়জোড়। আগামী বছর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে গৃহায়নের। কর্মকর্তাদের দাবি, জমি অধিগ্রহণের পর প্লট বিক্রি শুরু হলেই অর্থের সংকট থাকবে না। রাজধানীর বাইরে এত বড় আবাসন প্রকল্পে প্রত্যাশিত হারে ক্রেতা মিলবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে প্লট বিক্রির সাফল্যের ওপরই অনেকটা নির্ভর করছে ৫ হাজার কোটি টাকার এ প্রকল্পের ভবিষ্যৎ।

সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড সংলগ্ন বহর, হাজিরাই ও পেশনেওয়াজ মৌজায় প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি চলছে।

সবকিছু ঠিকঠাক থাকলে সিলেটে প্রবাসী ও সাধারণ মানুষের জন্য আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে প্রায় ১ হাজার ১০০ একর জমিতে ‘এনএইচএ সুরমা রিভারভিউ মডেল টাউন’ গড়ে তোলা হবে। এজন্য গত ৫ ফেব্রুয়ারি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৮৮তম বোর্ড সভায় প্রকল্পটি গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। এর আগে ২০২৫ সালের ১৬ অক্টোবর সাইট সিলেকশন কমিটি এবং গত আগস্টে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত স্থানটি সুরমা নদীর তীরে এবং শাহজালাল হাউজিং এস্টেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। আশপাশে রয়েছে নতুন ক্যান্টনমেন্ট, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

গৃহায়নের তথ্যমতে, প্রকল্পের কার্যক্রম প্রাথমিকভাবে যাচাই-বাছাই শুরু হয়েছে। এর মধ্যে সংস্থাটির বোর্ড মিটিংয়ে উত্থাপন করার পর প্রকল্প অনুমোদন হয়েছে। ফিজিবিলিটি স্টাডি করার জন্য টেন্ডার আহ্বান করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট আসলে ডিপিপিতে অন্তর্ভুক্ত করে জমা দেবে সংস্থাটি।

কর্মকর্তারা বলছেন, সিলেট ক্যান্টনমেন্টের পাশে মালিকানা ও খাসজমি অধিগ্রহণ করে এ প্রকল্প গড়ে তোলা হবে। এরই মধ্যে সম্ভাব্যতা সমীক্ষার দরপত্র আহ্বানসহ প্রাথমিক কাজ শুরু করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ ছাড়া, প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পটি সরকারের সেকেন্ডারি শহর তৈরির যে ইশতেহার ছিল, তার অংশ হিসেবে বাস্তবায়ন করবে সংস্থাটি। এর সম্পূর্ণ অর্থ দেবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো আর্থিক সংকট দেখা দিলে সরকারের ব্যাংক থেকে ঋণ নিয়ে সংকট নিরসন করা হবে।

বাংলাদেশের সরকারি নীতিমালা ও প্রচলিত পরিকল্পনা-নির্মাণ বিধিমালা অনুযায়ী একটি আধুনিক আবাসন প্রকল্পে শুধু প্লট, বাড়ি বা বহুতল ভবন থাকলেই হয় না। সেখানে পরিকল্পিত সড়ক, ড্রেনেজ, পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, খেলার মাঠ, পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধার ব্যবস্থা থাকতে হয়। এ প্রকল্পে সবই থাকবে।

তথ্য বলছে, এ প্রকল্প প্রবাসী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য সুযোগ থাকবে। প্রকল্পে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। সিলেট প্রবাসীদের দীর্ঘদিনের আবেদনের পরিপ্রেক্ষিত এ প্রকল্পে করতে যাচ্ছে সরকার। এজন্য প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে আলাদা করে এ প্রকল্পে একটি জোন রাখা হবে। গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করে প্লট বিক্রি ও অর্থ আদায় করা না গেলে তহবিল সংকট দেখা দিতে পারে। এতে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক চাপ বাড়তে পারে প্রতিষ্ঠানটির ওপর।

রাজধানীর বাইরে একটি শহরকে কেন্দ্র করে এত বড় আবাসন প্রকল্প নেওয়ার নজিরও কম। রাজধানীমুখী মানুষের বড় একটি অংশের নিজস্ব বসতভিটা না থাকায় ঢাকায় প্লট ও ফ্ল্যাটের চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অধিকাংশ মানুষের নিজস্ব বসতভিটা থাকায় নতুন করে প্লট কেনার আগ্রহ কতটা থাকবে। ফলে বিপুল অর্থ বিনিয়োগের পর প্রত্যাশিত হারে প্লট বিক্রি না হলে প্রকল্পের অর্থের জোগান ধরে রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসব আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন প্রকল্প সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাদের দাবি, বিদ্যমান তহবিল দিয়ে প্রথমে জমি অধিগ্রহণ করা হবে। এরপর প্রকল্পের প্রসপেক্টাস তৈরি করে প্লট বিক্রি শুরু করা হবে। এতে একদিকে প্রকল্পের ব্যয় চলবে, অন্যদিকে প্লট বিক্রির মাধ্যমে আয়ও আসবে। প্রয়োজনে ব্যাংকঋণ নিয়ে অর্থের ঘাটতি পূরণ করা হবে এবং প্লট বিক্রির অর্থ দিয়ে সেই ঋণ পরিশোধ করা হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য আলাদা জোন রাখায় তাদের একটি বড় অংশ প্লট কিনতে আগ্রহী হবেন বলে আশা করছেন তারা।

প্রকল্পটিতে আবাসিক প্লট ও বহুতল ভবন নির্মাণের পর্যাপ্ত জায়গার পাশাপাশি প্রশস্ত ও পরিকল্পিত অভ্যন্তরীণ সড়ক, হাঁটার পথ (ফুটপাত) এবং আলাদা সাইকেল লেন রাখা হবে। বয়স্ক ও প্রতিবন্ধীবান্ধব চলাচলের বিশেষ ব্যবস্থাও থাকবে। এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাথমিক ও জরুরি চিকিৎসাকেন্দ্র, কমিউনিটি সেন্টার, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়, বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, শিশুদের খেলার মাঠ এবং পার্ক ও উন্মুক্ত স্থান নির্ধারিত থাকবে।

শহরটিতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি পরিকল্পিত পয়োনিষ্কাশন ও বৃষ্টির পানি নিষ্কাশনের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার অবকাঠামো থাকবে। নিরাপত্তার জন্য সড়কবাতি, নিরাপত্তা চৌকি, সিসিটিভি নজরদারি এবং ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের উপযোগী প্রশস্ত রাস্তা রাখা হবে।

সিলেটের জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বিবেচনায় রেখে প্রকল্পের ভূমি উন্নয়ন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত গাছপালা ও সবুজায়নের পাশাপাশি লেক, জলাধার ও প্রাকৃতিক জলপ্রবাহ সংরক্ষণ করা হবে। এ ছাড়া, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহারের (রেইন ওয়াটার হার্ভেস্টিং) আধুনিক ব্যবস্থাও প্রকল্পে যুক্ত থাকবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সিলেটের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, সিলেটে ১ হাজার ১০০ একর জমিতে আবাসন প্রকল্পটি নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, গৃহায়নের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের জায়গায় পরিদর্শন করে মতামত দিয়েছেন। গৃহায়নের অর্থায়নের এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মন্ত্রীর পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটে প্রবাসী ও সাধারণ মানুষের জন্য আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে প্রায় ১ হাজার ১০০ একর জমিতে ‘এনএইচএ সুরমা রিভারভিউ মডেল টাউন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড সংলগ্ন বহর, হাজিরাই ও পেশনেওয়াজ মৌজায় এ প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রকল্পের পরবর্তী ধাপে ডিজিটাল জরিপ, জমির পরিমাণ নির্ধারণ, মাটি ভরাটের হিসাব, আধুনিক মাস্টারপ্ল্যান, পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ), খাল সংরক্ষণ, সড়ক, সেতু, কালভার্ট ও পয়োনিষ্কাশন শোধনাগারের নকশা তৈরির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব কাজের জন্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সিলেট) নেজামুল হক মজুমদার (নিজাম) কালবেলাকে বলেন, সিলেটে ১ হাজার ১০০ একর জমিতে আবাসন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের ফিজিবিলটি স্টাডি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর প্রকল্প শুরু হবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থ আছে ১ হাজার ২০০ কোটি টাকা; কিন্তু প্রকল্প নেওয়া হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকার। এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব কি না, এর জবাবে তিনি বলেন, জমি অধিগ্রহণ করা হলে আর সমস্যা হবে না। প্লট করে জমি বিক্রি শুরু করলে অর্থ আসা শুরু হবে, তখন আর প্রকল্প বাস্তবায়ন করতে সমস্যা হবে না। প্রবাসীদের জন্য একটি জোন থাকবে। তাই প্রকল্পের জমি অধিগ্রহণ করলে মার্টি দিয়ে ভরাট করেই প্লট বিক্রি শুরু হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও সমন্বয়) এ কিউ এম শাহজালাল মজুমদার কালবেলাকে বলেন, সিলেটে আবাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মন্ত্রী, সচিব, গৃহায়নের চেয়ারম্যানসহ সবাই পরিদর্শন করে প্রকল্প করার সম্মতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী খুব সুন্দর একটি প্রকল্প হবে। এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য গৃহায়নের সক্ষমতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আছে। অর্থের সমস্যা হবে না। প্রয়োজনের সরকারের ব্যাংক থেকে সাপোর্ট নেওয়া হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম কালবেলাকে বলেন, সরকারের ইশতেহারের অংশ হিসেবে সিলেটে ১ হাজার ১০০ একর জমির ওপর একটি সেকেন্ডারি শহর নির্মাণ করা হবে। আমাদের বোর্ড সভায় প্রকল্পটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন জায়গা পরিদর্শন করে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এ অঞ্চলে একটি আধুনিক আবাসন গড়ে তোলার আবেদন ছিল। তাই প্রকল্পে তাই প্রকল্পে আধুনিক সব সুযোগ-সুবিধার পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।