Image description

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় মিছিল। পরে ভিসি চত্বর, নীলক্ষেত তোরণ, পুনরায় ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া প্রদক্ষিণ করে ডাকসুর সামনে এসে শেষ হয়।

কেফিয়াহ মার্চে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারত- এই দুই দেশেই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, যা বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি ঢাকাকে বিশ্বের মানুষের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রয়েছে। সেই অধিকার আদায়ে প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত।

সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান তিনি।

সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ফিলিস্তিনের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মিছিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক।