জুলাই গণঅভ্যুত্থান না হলে অন্ধকার বন্দিশালাতেই তাঁর জীবনের অবসান হতো বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)। জুলাই অভ্যুত্থানকে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা হিসেবেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার আরমান বলেন, ‘সবার কাছে জুলাই এজেন্ডা হলে হতে পারে, আমার কাছে জুলাই হচ্ছে জীবন। এই জুলাইয়ের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। না হলে তো সেই অন্ধকার ঘরেই আমার জীবন শেষ হতো।’
নিজের পরিবারের কাছে ফিরে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে মুগ্ধর মা, জাবিরের মায়ের বুক খালি করে আমি আমার মায়ের বুকে ফিরে এসেছি। শত শত সন্তানের বাবা হারিয়ে আজকে আমার সন্তানেরা তাদের বাবাকে ফিরে পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনেক জীবনের আত্মদানের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবন পেয়েছে। আমরা যারা এই জুলাইয়ের কারণে জীবন পেলাম, আমরা যেন বাকি জীবনের প্রতিটি দিন এই শহীদদের স্মরণের জন্য কাটিয়ে দিতে পারি।’
জুলাই জাদুঘরের গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার আরমান বলেন, ‘যে ফ্যাসিবাদের নির্যাতনে আমরা নির্যাতিত, সেই ফ্যাসিবাদকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম চিনতে পারে, সেই পাঠশালা হিসেবে এই জুলাই জাদুঘরকে যেন আমরা রেখে দিতে পারি।’
অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলমও বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বিচারকাজ হচ্ছে কি না, তা জানতে চায় সংস্থাটি।
শাহেদ আলম বলেন, ‘তার অর্থ হলো, রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ জায়গা থেকেই এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তারা আগ্রহী। আমরাও এই বিচার দেখতে আগ্রহী এবং যার হাতে রক্তের দাগ, তার যেন দায়মুক্তি না হয়, সেটা আমাদের সর্বাগ্রে দাবি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো যেন এই দাবি তোলে যে, হত্যাকারীদের চূড়ান্ত রায় কার্যকরের আগে তাদের অন্তত একবার এই জুলাই জাদুঘর ঘুরিয়ে দেখানো হয়। তাঁরা যাতে দেখে তাদের হাত দিয়ে কী অনাচার সংঘটিত হয়েছে।’
প্রদর্শনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এবং ডাকসুর কার্যকরী সদস্য হেমা চাকমাও বক্তব্য দেন।
আব্দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, তাদের এখনো রক্তের খায়েশ মেটেনি। এই গণহত্যাকারী আওয়ামী লীগ, তারা চাচ্ছে একটা আতঙ্ক তৈরি করতে, আবার ভয়ে ডোবাতে। আমরা সেই ভয়ে ভীত হব না।’
হেমা চাকমা বলেন, ‘আমরা অনেক জুলাই শহীদের নাম জানি না, শুধু গুটিকয় মানুষের নাম জানি। আজকে যখন আমরা দেখলাম কত তরুণ, ছোট বাচ্চা, যারা আসলে পৃথিবীর এই নির্মমতা কিছু দেখেও নাই, তারা জাস্ট জুলাইয়ের জন্য জীবন উৎসর্গ করে দিল। তাদের কাছে আমাদের যে পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত, সেটা কিন্তু আমরা খুব বেশি একটা দৃশ্যমান দেখি না।’
জুলাই অভ্যুত্থানে শহীদ ফটোসাংবাদিক তাহির জামান প্রিয়র মা প্রদর্শনীতে বক্তব্য দেন। তিনি বলেন, ‘জুলাই জাদুঘরে রাখা স্মৃতি দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আজ যখন ছেলের জুতাগুলো জুলাই জাদুঘরে দেখলাম, মনে হলো আমার ছেলের সাথেই আছি।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টরা ফিরে আসার জন্য লাফিয়ে বেড়াচ্ছে, তারা সব জায়গায় সোচ্চার। সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’
সভাপতির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ‘আমাদের সহকর্মীদের শহীদ হওয়ার স্মৃতি সতেজ থাকতে থাকতে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’
দুই দিনের আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দুই দিনব্যাপী আয়োজন ছিল জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিস্মারক প্রদর্শন করার। সমাপনী দিনের এই সন্ধ্যায় এখানে এসে সবাই মিলিত হয়েছি। যাঁরা বিভিন্ন সময়ে জুলাইকে নিয়ে কাজ করেছেন, যাঁদের অবদান আছে এবং যেসব শহীদের স্মৃতিচারণা নিয়ে আমাদের এই প্রদর্শনীর আয়োজন ছিল, তাদের সবার প্রতি জানাই কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, ২৮ ও ২৯ নভেম্বর প্রদর্শনীর আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এতে ৫৯০ জন শহীদের প্রায় দেড় হাজার স্মৃতিস্মারক প্রদর্শন করা হয়।