Image description

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলার রিমান্ড শুনানিতে হাস্যোজ্জ্বল দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে। শুনানিকালে আদালতে উপস্থিত কয়েকজন স্বজনকে অভয় দিয়ে সাঈদ খোকন বলেন, ‘চিন্তা করো না। কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই দৃশ্য দেখা যায়।

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওইদিনই তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়। ২৪ নভেম্বর তার আরও পাঁচ দিনের রিমান্ড দেন আদালত।

দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।

আবেদনে বলা হয়, রিমান্ডে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তার নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়।

 

এছাড়া সরকারের পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলেও দাবি করেছে পুলিশ।

আবেদনে আরও বলা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া তার দেওয়া সাংঘর্ষিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আসামির পুনরায় পাঁচ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

শুনানি শুরুর আগে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে সাঈদ খোকনকে এজলাসে তোলা হয়। তার কয়েকজন স্বজন আদালতের ভেতর এজলাসে বসে ছিলেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাঈদ খোকনের পক্ষে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জানে আলম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, ‘গ্রেফতারের পর দুই দফায় তাকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। আর মোট ১৫ দিন পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদে পর্যাপ্ত সময় পেয়েছে। তিনি অসুস্থ, এ পর্যায়ে তাকে রিমান্ডে নেওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘তিনি ঢাকার মেয়র। ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতয়ালি থানা নিয়ে ঢাকা-৬ আসন। এর আশেপাশে বংশাল, লালবাগসহ বেশ কয়েকটি থানা আছে। এসব থানায় তার নামে মামলা নেই। মামলা হলো ধানমন্ডি থানায়। তিনি উড়ে চলে গেলেন ধানমন্ডি এলাকায়। জজ মিয়া নাটক সাজানো হচ্ছে। এখন এ কথাও শোনা যাচ্ছে, ২৮৮ ঘণ্টা তিনি পুলিশ হেফাজতে। অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া ডায়াবেটিকস, হাইপারটেনশনে আক্রান্ত। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’

জবাবে প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের গ্রেফতার করা হচ্ছে, রিমান্ড আবেদন করা হচ্ছে।’

শুনানি নিয়ে আদালত আদেশ লিখছিলেন। এ সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা সাঈদ খোকন পেছনে (কাঠগড়ার) চলে আসেন। বেঞ্চে বসে থাকা তিন স্বজনের মধ্যে এক নারী ও এক তরুণের সঙ্গে কথা বলেন।

ওই নারীকে উদ্দেশ করে সাঈদ খোকন বলেন, ‘কোনও চিন্তা করিস না। কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

এরপর ওই তরুণকে কাছে ডেকে নেন সাঈদ খোকন। এ সময় তরুণকে কাঁদতে দেখা যায়। তাকে সাঈদ খোকন বলেন, ‘স্ট্রং হও।’

আত্মীয়-স্বজনের খোঁজও নেন সাঈদ খোকন। তাকে বেশ উৎফুল্ল দেখা গেছে।

পরে আদালত থেকে তার দুই দিনের রিমান্ডের আদেশ আসে।

আদালত থেকে ঢাকার সিএমএম হাজতখানায় নেওয়ার পথে হাস্যোজ্জ্বল ছিলেন সাঈদ খোকন।

এদিকে সাঈদ খোকনের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে ওই তরুণ বলেন, ‘আমার রিলেটিভ।’

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।