Image description

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও নাশকতার ঘটনায় রাজনৈতিক চাপ বাড়লেও দমন-পীড়নের পথে হাঁটতে চায় না বিএনপি সরকার। জনসম্পৃক্ততা, সাংগঠনিক তৎপরতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে চায় ক্ষমতাসীন দলটি।

দলের নীতিনির্ধারক ও বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য অনুযায়ী, মানবাধিকার বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম, আইনি ব্যবস্থা এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ—এই ধারার সমন্বয়ে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তারা মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলের মতো কঠোর বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও সংঘাতমুখী করতে পারে। তবে সহিংসতার শিকার তৃণমূল নেতা-কর্মীদের একাংশের মধ্যে কঠোর প্রতিক্রিয়ার প্রত্যাশা থাকায় তাদের ক্ষোভ নিয়ন্ত্রণে রেখে প্রতিরোধ করাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল স্ট্রিমকে বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে যে ধরনের দমন-পীড়ন হয়েছে, একই পদ্ধতিতে পরিস্থিতি মোকাবিলা করা বর্তমান সরকারের উদ্দেশ্য নয়।’

ক্ষমতা ও সাংগঠনিক শক্তি ব্যবহার করে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার। এ ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সুলতান সালাউদ্দিন টুকুমৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক

২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই দলটি সংযম দেখিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘৮ আগস্ট রাতেই দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল, কোনো এলাকায় যেন প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেওয়া না হয়। দীর্ঘদিন মামলা, হামলা ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মীদেরও সংযত থাকতে বলা হয়েছিল। এমনকি অতীতে বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন করেছিলেন, এমন ব্যক্তিদের বাড়িঘর পাহারা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল, যাতে সেখানে হামলা না হয়।’

পুতুল জানান, বিএনপি এখনো সেই অবস্থান ধরে রাখতে চায়, তবে আগুন দেওয়া, মানুষ হত্যা কিংবা নাশকতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কোনো এলাকায় সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দেওয়া বা তাদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে নেতা-কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবেন না। মানুষের পাশে দাঁড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব হবে।’

সরকারের এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রীর সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট রাতেই দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল, কোনো এলাকায় যেন প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নেওয়া না হয়। দীর্ঘদিন মামলা, হামলা ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মীদেরও সংযত থাকতে বলা হয়েছিল।ফারজানা শারমিন পুতুলনারী ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, ১ থেকে ২৩ নভেম্বরের মধ্যে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অন্তত ২১৩টি নাশকতার ঘটনা ঘটিয়েছে। এ সময় ১২১টি ককটেল বিস্ফোরণ এবং ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করেন, সাম্প্রতিক এসব ঘটনায় বিএনপির তিন এমপির বাড়িতে অগ্নিসংযোগ, দলের তিন নেতাকে হত্যা, একজন চালককে হত্যা এবং বিপুলসংখ্যক গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া দলের এক নেতার প্রায় ১০০ কোটি টাকার প্রতিষ্ঠান ও একটি বড় হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসব ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে না দেখে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে বিএনপি। তবে নেতা-কর্মীদের মাঠে নামানোর অর্থ আইন নিজের হাতে তুলে নেওয়া নয় বলে জানান তিনি। সরকারের সংযত অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে গত ২৩ নভেম্বর গোপালগঞ্জের সহিংসতায় চারজন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযম দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কোনো ধরনের বলপ্রয়োগ বা গুলি চালানোর নির্দেশ না দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

 

কঠোরতার প্রত্যাশা বনাম রক্তপাতের শঙ্কা

তৃণমূল পর্যায়ে সরকারের এই নীতির প্রতি সমর্থন থাকলেও অগ্নিসংযোগ ও হামলার পর নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং অনেকেই আরও কঠোর ব্যবস্থা প্রত্যাশা করছেন। নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন মনে করেন, সরকার চাইলে সাম্প্রতিক সহিংসতা আরও কঠোরভাবে দমন করতে পারত।

তিনি বলেন, ‘তবে শেখ হাসিনার শাসনামলের মতো দমন-পীড়নের দৃষ্টান্ত তৈরি করতে চায় না সরকার। বিএনপির তিন নেতা-কর্মী নিহত হওয়ার পরও বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনের নামে নতুন করে রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়—এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা ও নাশকতার পর দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরও পাল্টা সহিংসতা বেড়েছে।

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান অস্থিতিশীলতা সৃষ্টিকারী ‘ফ্যাসিবাদী শক্তির’ বিরুদ্ধে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

 

 

গত ১৮ নভেম্বর পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এস এম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন মাদারীপুর শহরের পাকদি এলাকায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ভাঙচুর করা হয়। ২১ নভেম্বর তেঘরিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমের ছেলে রিপাই মাহমুদ ও তার শ্বশুর গুলিবিদ্ধ হন। ওই দিনই নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই স্থানীয় নেতা নিহতের দুদিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বসতবাড়ি উল্লেখ করে ২০ থেকে ৩০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে বিএনপি নেতারা এসব হামলায় তাদের কোনো ভূমিকার কথা অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে মামুনুর রহমান রিপন বলেন, ‘তৃণমূলের সবাই সরকারের রাজনৈতিক কৌশল বা অবস্থান একইভাবে বুঝতে পারেন না। কেউ কেউ এত অগ্নিসংযোগ ও সহিংসতার পরও সরকার কেন আরও কঠোর হচ্ছে না, সে প্রশ্ন তুলতে পারেন। কিন্তু এখনই ব্যাপক দমনমূলক ব্যবস্থা নেওয়া হলে দেশে আবার রক্তপাত শুরু হতে পারে। তাই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন করাই বেশি কার্যকর।’ দলটি একদিকে নিজেদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ সামনে আনছে, অন্যদিকে সেই ক্ষোভকে রাষ্ট্রীয় দমননীতির পক্ষে জনমত তৈরির উপাদান হতে দিতে চাইছে না বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

 

স্থানীয় পর্যায়ে সমন্বয় ও সাংগঠনিক প্রতিরোধ

রাজনৈতিক প্রতিরোধের এই পরিকল্পনা শুধু কেন্দ্রীয় নির্দেশনায় সীমাবদ্ধ না রেখে স্থানীয় জনপ্রতিনিধি, এমপি, দলীয় কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। পাবনা-২ আসনের এমপি এ কে এম সেলিম রেজা হাবিব স্ট্রিমকে বলেন, ‘মিছিল, মিটিং ও সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি জনগণকে সচেতন করার মাধ্যমে সহিংসতা মোকাবিলা করা হচ্ছে।’

তার নির্বাচনি এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় নেতা-কর্মীদের তৎপরতায় পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হয়েছে।’

 

 

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই স্থানীয় নেতা নিহতের দুদিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বসতবাড়ি উল্লেখ করে ২০ থেকে ৩০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তবে বিএনপি নেতারা এসব হামলায় তাদের কোনো ভূমিকার কথা অস্বীকার করেছেন।

 

 

তবে হামলাকারীদের কাছে নতুন হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট থাকার কথা উল্লেখ করে এর পেছনে পরিকল্পিত তৎপরতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাবনা-৫ আসনের এমপি ও শ্রমিক দলের কেন্দ্রীয় সদস্যসচিব শামছুর রহমান শিমুল বিশ্বাসও বলেন, ‘সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ যাতে সাংবিধানিক সংকট তৈরি করতে না পারে, সে জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীপুর জেলার শিবচরেও স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উদাহরণ তুলে ধরেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সোহেল রানা। তিনি জানান, স্থানীয় বিএনপির সঙ্গে বিরোধীদলীয় এমপি সাঈদ আহমেদ হানজালা সমন্বয় করে কাজ করছেন। থানা বিএনপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে জানমালের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘দশজন দুষ্কৃতকারীকে শাস্তি দিতে গিয়ে একজন নিরপরাধ মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সতর্ক। সহনশীলতাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

 

জাতীয় ঐক্যের বার্তা, রাজনৈতিক মোকাবিলায় জোর

সহিংসতা মোকাবিলায় বিএনপি এখন জাতীয় ঐক্যের প্রশ্নটিও সামনে আনছে। দলের প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ক্ষমতা ও সাংগঠনিক শক্তি ব্যবহার করে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার। এ ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান অস্থিতিশীলতা সৃষ্টিকারী ‘ফ্যাসিবাদী শক্তির’ বিরুদ্ধে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলাই সরকারের লক্ষ্য জানিয়ে টুকু বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠাকারী শক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তবে জনগণ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। জুলাই আন্দোলনের শক্তিগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সহিংসতাবিরোধী অবস্থানে যুক্ত করে রাষ্ট্রীয় দমননীতির অভিযোগ এড়িয়েই পরিস্থিতি সামাল দিতে চাইছে ক্ষমতাসীন দলটি।