বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারণের বিদ্যমান আইনি বিধানকে বৈষম্যমূলক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে চিহ্নিত করেছে আইন কমিশন। কমিশন বলছে, আইনের এ অসমতা নারী-পুরুষের সমান অধিকারের সাংবিধানিক নীতির পরিপন্থি। তাই বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ সংশোধন করে ‘অপ্রাপ্তবয়স্ক’ শব্দের পরিবর্তে ‘শিশু’ শব্দ ব্যবহার এবং ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে বিবাহযোগ্য বয়স ১৮ বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭: অসামঞ্জস্যতা, সামাজিক প্রেক্ষাপট এবং করণীয়’ শীর্ষক আইন কমিশনের এ গবেষণা প্রতিবেদনে বিদ্যমান আইনের নানা অসংগতি, মাঠপর্যায়ের পরিসংখ্যান, বিচারিক এখতিয়ারের অস্পষ্টতা এবং অংশীজনের মতামত বিশ্লেষণ করে আইনটির সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে। গত বৃহস্পতিবার কমিশন প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে সূত্র জানিয়েছে।
সংবিধান ও আন্তর্জাতিক মানদণ্ডের মুখোমুখি বিয়ের বয়স: বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ২(১) ধারা অনুযায়ী, বিবাহের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ করেনি—এমন পুরুষ এবং ১৮ বছর পূর্ণ করেনি— এমন নারীকে ‘অপ্রাপ্তবয়স্ক’ বলা হয়েছে। আইন কমিশনের পর্যালোচনা অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ছেলে ও মেয়ের বয়সের এ পার্থক্য সরাসরি লিঙ্গভিত্তিক বৈষম্য তৈরি করছে। সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে নারী-পুরুষ ভেদে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করার কথা বলা হয়েছে এবং ২৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কমিশনের মতে, বিয়ের বয়স নির্ধারণে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়টি বিবেচিত না হওয়ায় এ বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। শুধু সংবিধান নয়, প্রচলিত অন্যান্য আইন ও আন্তর্জাতিক সনদের সঙ্গেও বর্তমান বিধানের অসামঞ্জস্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মেজরিটি অ্যাক্ট ১৮৭৫-এর ৩ ধারা, শিশু আইন, ২০১৩-এর ৪ ধারা এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ-এর ১ নম্বর অনুচ্ছেদে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয়েছে। এ সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রাখতে ‘অপ্রাপ্তবয়স্ক’ শব্দের পরিবর্তে ‘শিশু’ শব্দ ব্যবহার করা যুক্তিযুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া, বিশ্বের বহু দেশে নারী-পুরুষের বিয়ের অনুমোদিত বয়স অভিন্ন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপে ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের বয়স ১৮ বছর এবং নেপালে ২০ বছর নির্ধারিত রয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনে উভয়ের বয়স ১৮ বছর নির্ধারণের পাশাপাশি হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২-এর ৫ ধারা সংশোধন করে হিন্দু পুরুষের বিয়ের বয়সও ১৮ বছর করার প্রস্তাব দিয়েছে কমিশন।
বাল্যবিবাহের চিত্রে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ: গবেষণা প্রতিবেদনে তুলে ধরা বৈশ্বিক ও স্থানীয় পরিসংখ্যান বাল্যবিবাহের ভয়াবহতাকেই সামনে এনেছে। ইউনিসেফের বৈশ্বিক তথ্যভান্ডার (মে, ২০২৪-এ হালনাগাদ) অনুযায়ী, বিশ্বজুড়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই প্রতি পাঁচজনের মধ্যে একজন কন্যাসন্তানের (প্রায় ১৯-২০%) বিয়ে হয়ে যায়। সাব-সাহারান আফ্রিকার পর দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার বাংলাদেশে সর্বোচ্চ। ইউনিসেফের ২০২২ সালের বাল্যবিবাহ-সংক্রান্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গবেষণায় দেখানো হয়েছে: নাইজারে বাল্যবিবাহের হার ৭৬ শতাংশ, চাঁদ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এ হার ৬০ শতাংশের বেশি। বাংলাদেশে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ, যা বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকার পরই অবস্থান করছে এবং এশিয়ায় সর্বোচ্চ।
আগে বাল্যবিবাহকে শুধু দরিদ্র পরিবারের সমস্যা হিসেবে দেখা হলেও সাম্প্রতিক জরিপে ভিন্ন চিত্র উঠে এসেছে। গত ৪ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাতক্ষীরা জেলার একটি ক্লাস্টার সার্ভের প্রতিবেদনের বরাতে আইন কমিশন জানিয়েছে, বাল্যবিবাহ এখন শুধু দরিদ্র পরিবারেই সীমাবদ্ধ নেই; সমাজের সব স্তরেই এটি বেড়েছে। ওই জরিপ অনুযায়ী বাল্যবিবাহের হার দরিদ্র পরিবারে ৬০ শতাংশ; মধ্যবিত্ত পরিবারে ৫৫; উচ্চমধ্যবিত্ত পরিবারে ৫৪ এবং উচ্চবিত্ত পরিবারে ৫০ শতাংশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করার বৈশ্বিক লক্ষ্য থাকলেও বাংলাদেশ আর্থসামাজিক বাস্তবতায় ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূলের জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। আইনের অস্পষ্টতা ও প্রয়োগের জটিলতায় কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
নেপথ্যের কারণ ও বহুমাত্রিক ক্ষতি
১৯২৯ সালের ‘দ্যা চাইল্ড ম্যারিজ রেসট্রেইন অ্যাক্ট’ রহিত করে শিশু অধিকার সুরক্ষা ও আধুনিক আইনি কাঠামো গড়তে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এবং পরবর্তী সময়ে বাল্যবিবাহ নিরোধ বিধিমালা, ২০১৮ প্রণয়ন করা হয়। কিন্তু বাস্তবে বাল্যবিবাহের পেছনে একাধিক সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত কারণ সক্রিয় রয়েছে। গবেষণায় চিহ্নিত বাল্যবিবাহের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক সচেতনতার ঘাটতি, আইনের যথাযথ প্রয়োগের অভাব, সামাজিক প্রথা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনিত নিরাপত্তাহীনতা, ধর্মীয় অনুশাসনের অপব্যাখ্যা, পুরুষতান্ত্রিক মানসিকতা, যৌতুকের প্রকোপ, বিয়ের মাধ্যমে কন্যা সন্তানের দায়মুক্ত হওয়ার মানসিকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের অপব্যবহার। এর অভিঘাতও সুদূরপ্রসারী। বাল্যবিবাহ শিশুর শিক্ষা ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে, প্রজনন স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে এবং মাতৃ, শিশু ও নবজাতকের মৃত্যুহার বাড়ায়। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত, পারিবারিক সহিংসতা এবং মানব পাচারের ঝুঁকিও তৈরি হয়।
আইনের ফাঁকফোকর ও বিচারিক অস্পষ্টতা গবেষণা ও মতবিনিময়ের ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ ও বিধিমালা, ২০১৮-এর বেশকিছু গুরুত্বপূর্ণ অসংগতি ও দুর্বলতা চিহ্নিত করেছে আইন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, আইনের প্রস্তাবনায় ১৯২৯ সালের আইন বাতিল করে নতুন আইন আনার পটভূমি ও মূল দর্শন স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। আইনের ৭(৩) ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্কের বাল্যবিবাহের বিচার ও শাস্তিতে শিশু আইন, ২০১৩ প্রযোজ্য। শিশু আইনের ৪ ধারায় ১৮ বছরের নিচে সবাইকে শিশু ধরা হয়েছে এবং ১৬ ধারায় শিশু আদালতে বিচারের কথা বলা হয়েছে। কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইনে পুরুষের অপ্রাপ্তবয়স্কের বয়স ২১ বছর হওয়ায় ১৮ বছরের ঊর্ধ্বে ২১ বছরের কম বয়সী পুরুষ, যিনি আইনের দৃষ্টিতে ‘শিশু’ নন, তার বিচার শিশু আদালতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনে কোনো অভাররিডিং ক্লজ না থাকায় এবং শিশু আইনের ৩ ধারায় শিশু আইনের প্রাধান্য থাকায় এ বয়সের অভিযুক্ত পুরুষকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। আইনের ১৯ ধারায় বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশে বাল্যবিবাহের সুযোগ রাখা হলেও এবং বিধিমালা, ২০১৮-এর ১৭ বিধিতে ‘উপযুক্ত আদালত’-এর কথা বলা হলেও কোন আদালত এই অনুমতি দেবেন বা ৫ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করবেন, তা আইনে সুনির্দিষ্ট করা হয়নি। বিশেষ ক্ষেত্রে আদালত ও অভিভাবকের সম্মতির কথা থাকলেও সংশ্লিষ্ট শিশুর স্বাধীন মতামত নেওয়ার বাধ্যবাধকতা নেই।
অংশীজনের মতামত ও সেমিনারের চিত্র গবেষণার অংশ হিসেবে আইন কমিশন ১৮ ও ১৯ এপ্রিল ২০২৬ ঢাকায় বিচারক, আইনজীবী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও মানবাধিকার কর্মীদের সঙ্গে সেমিনার করে। ১৬ ও ১৭ মে মানিকগঞ্জে বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় হয় এবং ২০ মে ব্লাস্টের যৌথ উদ্যোগে কিশোর-কিশোরী, অভিভাবক, প্যারালিগ্যাল ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেইসব আলোচনায় অংশগ্রহণকারীদের মতামতের উল্লেখযোগ্য দিকগুলো ছিল ৭৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছর নির্ধারণ বৈষম্যমূলক। ৭৩ শতাংশ অংশগ্রহণকারী ১৯ ধারার বিশেষ বিধানকে যৌক্তিক মনে করেছেন। বিশেষ প্রেক্ষাপটে অনুমতি দেওয়ার উপযুক্ত আদালত হিসেবে ৫০ শতাংশ চিফ জুডিসিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে এবং বাকি ৫০ শতাংশ সিনিয়র জুডিসিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে যুক্তিযুক্ত বলেছেন। ৮০ শতাংশ অংশগ্রহণকারী আইনটির অপরাধ আপসযোগ্য হওয়ার পক্ষে মত দিয়েছেন। ৮৫ শতাংশ অংশগ্রহণকারী বিয়ের ক্ষেত্রে শিশুর মতামত নেওয়া জরুরি বলে মনে করেছেন। বিশেষ প্রেক্ষাপটের কারণ হিসেবে গর্ভাবস্থা, অভিভাবকহীনতা, সামাজিক ও আর্থিক নিরাপত্তা এবং পিতামাতার গুরুতর অসুস্থতার কথা উঠে এসেছে। যদিও সেমিনারের ৭৫ শতাংশ অংশগ্রহণকারী বিশেষ প্রেক্ষাপটে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করার পক্ষে মত দিয়েছিলেন, তবে আইন কমিশন সরাসরি ১৬ বছর বয়সের সীমা নির্ধারণের বিরোধিতা করেছে। কমিশনের আশঙ্কা, এতে ১৬ বছর বয়সকে বাল্যবিবাহের গ্রহণযোগ্য বয়স হিসেবে দেখার ভুল ধারণা তৈরি হতে পারে এবং যাচাই প্রক্রিয়ায় শিথিলতা আসতে পারে।
সংস্কার প্রস্তাবে যা আছে আইন ও বিধিমালায় সুনির্দিষ্ট পরিবর্তনের সুপারিশ করেছে আইন কমিশন; আইনের ২(১) ধারায় ‘শিশু’র সংজ্ঞা দিয়ে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ বছর নির্ধারণ; অনুমতি ও নিষেধাজ্ঞার ক্ষেত্রে উপযুক্ত আদালত হিসেবে চিফ জুডিসিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নির্ধারণ (বিকল্প হিসেবে শিশু আইন, ২০১৩-এর ১৬ ধারা সংশোধন সাপেক্ষে শিশু আদালত); আদালতের অনুমতিতে অপরাধ আপসযোগ্য করা এবং অপরাধ ঘটার ২ বছর বা ভুক্তভোগী প্রাপ্তবয়স্ক হওয়ার ২ বছরের মধ্যে (যেটি পরে হয়) অভিযোগ দায়েরের সময়সীমা নির্ধারণ।
শিশুর সম্মতিতে গর্ভাবস্থা, অভিভাবকের অনুপস্থিতি বা শিশু আইনের ৮৯ ধারা অনুযায়ী সুবিধাবঞ্চিত অবস্থা, জীবনের ঝুঁকি বা পাচার/সহিংসতার আশঙ্কা, উপযুক্ত সুরক্ষার অভাব এবং শারীরিক ও মানসিক পরিপক্বতাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে সুনির্দিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিপরীতে দারিদ্র্য, পড়াশোনার সুযোগ বা অপারগতা, প্রাক-বৈবাহিক সম্পর্কের আশঙ্কা এবং পারিবারিক সম্মানহানির আশঙ্কাকে বিশেষ প্রেক্ষাপট হিসেবে গ্রহণ না করার সুপারিশ করা হয়েছে। অভিভাবক বা প্রভাবশালীদের উপস্থিতি ছাড়া বিচারকের সামনে শিশুর স্বাধীন সম্মতি গ্রহণের বিধান এবং প্রতিরোধ বা যাচাই কমিটির দায়িত্বে অবহেলাকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে জবাবদিহির আওতায় আনার প্রস্তাব করেছে কমিশন।