স্থানীয় সরকার নির্বাচন বরাবরই সংঘাতময়। বিশেষ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও প্রাণহানির ঘটনা বেশি ঘটে। দলীয় প্রতীকে নির্বাচন চালুর পর এই সহিংসতা আরও বেড়েছে। গত দুটি ইউপি নির্বাচনেই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। এবার অবশ্য দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকিয়ে এবারের ইউপি নির্বাচনকে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ করতে নানা উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নির্দলীয় ইউপি ভোটকে সামনে রেখে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে কমিশন। আজ রোববার থেকে শুরু হওয়া এই সংলাপ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে দলগুলোর সহযোগিতা চাইবে ইসি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি পাঁচ ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপের আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও এতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দলগুলো যাতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখে এবং আচরণবিধি মেনে চলে, সে বিষয়ে কমিশনের সহযোগিতা চাওয়া ভালো উদ্যোগ।
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার চিত্র তুলে ধরে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ এবং ২০২১ সালের ইউপি নির্বাচনে ১১৩ জনের প্রাণহানি ঘটে। আশির দশকে এরশাদের শাসনামলেও স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মারামারিতে আহত ব্যক্তিদের দিয়ে হাসপাতালগুলো ভরে যেত। এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।
সিইসি বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের রক্তপাত যেন না হয়, সেটাই কমিশনের মূল লক্ষ্য। এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জ। তবে সবার সহযোগিতা পেলে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ২০১৬ সালের এক প্রতিবেদনে ইউপি নির্বাচনে প্রাণহানির অতীত চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, ১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩ ও ১৯৯২ সালের ইউপি নির্বাচনে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে ১৯৮৮ সালে ৮০,১৯৯৭ সালে ৩১,২০০৩ সালে ২৩ এবং ২০১১ সালে ১০ জনের প্রাণহানি ঘটে। অতীতের এসব নির্বাচনের মধ্যে ১৯৮৮ সালের নির্বাচন ছিল সবচেয়ে সহিংস।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে প্রাণহানির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে সুজন জানায়, ওই নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সংঘর্ষ এবং নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে ১০১ জনের প্রাণহানি ঘটে। আহত হন অন্তত ৮ হাজার মানুষ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কোন বার্তা থাকবে- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমাদের কোনো বিশেষ বার্তা নেই। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইব। দলীয়ভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে নেতাকর্মীদের নির্বাচনের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখার বার্তা দিতে বলব। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে দলগুলোর পরামর্শও শুনব।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ নিজ এলাকায় মোতায়েন করা হবে। প্রয়োজন অনুযায়ী কোথাও কোস্টগার্ড, কোথাও বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে যথাসম্ভব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য বডিওর্ন ক্যামেরা থাকবে এবং ড্রোনও ব্যবহার করা হবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন। এ বিবেচনা থেকেই তাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করেছে কমিশন।
তিনি বলেন, সিইসি সব সময় একটি পরিচ্ছন্ন নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অংশীজনদের মধ্যে পরিচ্ছন্ন ও সুন্দর নির্বাচনি সংস্কৃতি গড়ে উঠেছে। সেই ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও বজায় রাখতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ অংশীজন হওয়ায় তাদের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় ইসি। যেখানে কোনো সংঘাত থাকবে না এবং ভোটে যিনি জিতবেন, তিনিই বিজয়ী হবেন।
ইউপি নির্বাচন সামনে রেখে জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য চেয়ে মাঠপর্যায়ে চিঠি দিয়েছে কমিশন। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকা। গত ২৫ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবারের ইউপি নির্বাচনে ভোটার রয়েছেন ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন, পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।
ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিনাভোট খ্যাত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করে তৎকালীন সরকার। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত আইন সংশোধন করা হয়। জাতীয় রাজনীতির বিরোধ তৃণমূলে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তখন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। পরে গণঅভ্যুত্থানে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকারের পতনের পর ২০২৫ সালের ১৮ আগস্ট অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অন্তর্বর্তী সরকার। চলতি বছর বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি আইনে পরিণত করে। ফলে এবারের ইউপিসহ সব স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।
আজ যে ১৮টি দলের সঙ্গে সংলাপ: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।