অনিয়ম করে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) পুনঃতফসিল করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। নামে ইসলামী হলেও চলছে সুদভিত্তিক বিনিয়োগ। পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা, পুরোনো ঋণ সমন্বয়ে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ব্যাংকটি। এমনকি গ্রাহকের নামে ভুয়া বা অসম্পূর্ণ কাগজপত্র তৈরি করে বিনিয়োগ দেখিয়েছে। ব্যাংকটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়ম হয়েছে।
প্রতিবেদনে এসব অনিয়মের বিরুদ্ধে তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অর্থনীতিবিদরা বলছেন, ঘটনা সত্য হলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বুধবার যুগান্তরকে বলেন, দেশের ব্যাংকিং খাতে যা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অনিয়মের কারণেই খেলাপি ঋণ বাড়ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আলাদা ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি বলেন, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের ৩৪ শতাংশই খেলাপি। পাকিস্তানে এই হার ৫ শতাংশ। ভারতে ১ দশমিক ৭ শতাংশ। ফলে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় ঋণ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক মাসব্যাপী ব্যাংকটিতে বিশেষ পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল। প্রতিবেদনে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য নেওয়া হয়। তবে কয়েকটি পর্যবেক্ষণে ২০২৬ সালের লেনদেনও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে মোট ২০টি পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে সবচেয়ে বড় অঙ্কের অনিয়ম উঠে এসেছে বিনিয়োগ পুনঃতফসিলের ক্ষেত্রে। ২০২৫ সালে ২ হাজার ২১৪ কোটি ২৫ লাখ টাকার বিনিয়োগ নীতিসহায়তাজনিত বিশেষ পুনঃতফসিল করা হয়েছে। একই বছরে আরও ১৫২ কোটি ৬১ লাখ টাকার বিনিয়োগ পুনঃতফসিল করা হয়। এর আগে ২০২৪ সাল পর্যন্ত পুনঃতফসিল করা হয়েছে ৬৪৪ কোটি ৮২ লাখ টাকা। সব মিলিয়ে পুনঃতফসিলের পরিমাণ ৩ হাজার ১১ কোটি টাকা। এক্ষেত্রে বাই-মুডে বিতরণ করা বিনিয়োগ পুনঃতফসিলের সময় রেন্ট-মুডে রূপান্তর করা হয়। এতে একই পণ্যের বিপরীতে আবারও মুনাফা আরোপের সুযোগ তৈরি হয়েছে। অথচ শরিয়াহ নীতিমালা অনুযায়ী একই পণ্যের ওপর পুনরায় মুনাফা আরোপের সুযোগ নেই। এভাবে ২০২৫ সালে ব্যাংকটির ৬ কোটি ৫ লাখ টাকা আয় হয়েছে। এ অর্থ ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের বাধ্যবাধকতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মেয়াদি, চলতি ও তলবি ঋণ একত্র করে একক ঋণ হিসাবে পুনঃতফসিল করেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ভিন্ন প্রকৃতির ঋণ একত্রে পুনঃতফসিল করা যায় না।
পণ্য ছাড়াই ৯২ কোটি টাকার বিনিয়োগ : পুরোনো বিনিয়োগের দায় পরিশোধে নতুন বিনিয়োগ তৈরি করার ঘটনাও পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে এই কার্যক্রমকে ডিল দিয়ে ডিল সমন্বয় বলা হয়েছে। অর্থাৎ নতুন করে দেওয়া বিনিয়োগের টাকা গ্রাহকের হিসাবে স্থানান্তর করা হয়েছে। পরে সেই টাকা তুলে আবার জমা দিয়ে আগের বিনিয়োগের দায় সমন্বয় করা হয়েছে। এতে প্রকৃত পণ্য কেনাবেচা হয়নি।
মহাখালী শাখার বাংলাদেশ ট্র্যাক লিমিটেডের নামে ৬৯টি ডিলের বিপরীতে ৭৮ কোটি টাকা বিতরণ করা হয়। বাংলাদেশ ট্র্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ১৫টি ডিলের বিপরীতে দেওয়া হয় ৯ কোটি ৯৯ লাখ টাকা। এছাড়া মতিঝিল শাখার বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের নামে তিনটি ডিলের বিপরীতে দেওয়া হয় ৫ কোটি টাকা। সব মিলিয়ে এসব ক্ষেত্রে প্রায় ৯৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব অর্থের একটি অংশ গ্রাহকের হিসাবে স্থানান্তর করে একই দিনে নগদে তুলে নেওয়া হয়েছে। পরে আবার গ্রাহকের হিসাবে জমা দিয়ে পুরোনো বিনিয়োগ সমন্বয় করা হয়েছে। অথচ ইসলামী ব্যাংকিংয়ে পণ্য কেনার পর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠা এবং পরে গ্রাহকের কাছে তা হস্তান্তর করা বাধ্যতামূলক। পণ্যের অস্তিত্ব ছাড়া এ ধরনের বিনিয়োগ শরিয়াহসম্মত নয়। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ট্র্যাক লিমিটেড থেকে ৯ কোটি ৭০ লাখ টাকা এবং বাংলাদেশ ট্র্যাক ইঞ্জিনিয়ারিং থেকে ১ কোটি ৩০ লাখ টাকা মুনাফা পেয়েছে ব্যাংক। পরিদর্শক দলের মতে, এসব মুনাফা ক্ষতিপূরণ খাতে স্থানান্তরযোগ্য।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে প্রতিটি ইসলামী ব্যাংকের জন্য আলাদা গফগারয়াহ বোর্ড আছে। সে বোর্ডকে নির্ভয়ে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া আছে। এরপরও কোনো ব্যাংক শরিয়াহ পরিপালনে ব্যর্থ হলে কিংবা নিয়মবহির্ভূতভাবে বিনিয়োগ করলে, অবশ্যই ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৬০৪ কোটি টাকার লেনদেন অনিষ্পন্ন : ব্যাংকের বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত লেনদেনেও বড় ধরনের দুর্বলতা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৬৫টি আন্তঃশাখা ডেবিট অ্যাডভাইস (আইবিডিএ) অনিষ্পন্ন ছিল। এর বিপরীতে অর্থের পরিমাণ ৪ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ২৩৬ দশমিক ৭০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০৪ কোটি ১১ লাখ টাকা। প্রতিবেদনে বলা হয়, আমদানি দায় পরিশোধের জন্য ব্যাংক তার নস্ট্রো হিসাব থেকে ডলার পরিশোধ করে। পরে প্রধান কার্যালয় সংশ্লিষ্ট শাখার কাছে আইবিডিএ পাঠায়। কিন্তু দীর্ঘদিন পার হলেও শাখাগুলো এসব হিসাব সমন্বয় করেনি। এতে লেনদেনের হিসাব দীর্ঘদিন অনিষ্পন্ন অবস্থায় ছিল। তবে এ অর্থকে আত্মসাৎ বা সরাসরি আর্থিক ক্ষতি হিসাবে চিহ্নিত করেনি পরিদর্শক দল।
১০০ কোটি টাকার বেশি সুদভিত্তিক প্রতিষ্ঠানে বিনিয়োগ : শাহজালাল ইসলামী ব্যাংক পাঁচটি সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানগুলোর আয়ের প্রধান উৎস সুদ। এগুলো হলো-বাংলাদেশ ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল। প্রতিবেদনে আরও বলা হয়, শরিয়াহভিত্তিক ব্যাংকের পক্ষে সুদভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের লেনদেনের সুযোগ নেই। এসব প্রতিষ্ঠান থেকে পাওয়া সুদ ক্ষতিপূরণ খাতে স্থানান্তর করতে হবে। এছাড়া ২০২৫ সালে ১১টি সুদভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিঋণ কার্যক্রম পরিচালনা করেছে ব্যাংকটি। এ খাত থেকে পাওয়া ১ কোটি ৮৫ লাখ টাকা আয় হিসাবে স্থানান্তর করা হয়েছে। এ অর্থও ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক।
৩৫ কোটি টাকার ফোর্সড বিনিয়োগ : হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ৩৫টি ইউপাস ঋণপত্রের বিপরীতে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ৩৫ কোটি ৩৬ লাখ টাকার ফোর্সড বিনিয়োগ তৈরি করা হয়। গ্রাহক নির্ধারিত সময়ে আমদানি দায় পরিশোধ করতে না পারায় এ বিনিয়োগ তৈরি করা হয়। তবে মূল টাকার সঙ্গে মুনাফা, বিলম্বজনিত মুনাফা, জরিমানা ও আবগারি শুল্ক যোগ করে নতুন বিনিয়োগ হিসাব খোলা হয়েছে।
একটি ঋণপত্রের হিসাবে দেখা যায়, মূল আমদানি দায়ের সঙ্গে ৬ হাজার ৯১৯ মার্কিন ডলার মুনাফা, ৭০৬ ডলার বিলম্বজনিত মুনাফা এবং আবগারি শুল্ক যোগ করা হয়েছে। পরে ওই হিসাবে ১৪ শতাংশ হারে আরও মুনাফা হিসাব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এভাবে মূল টাকার সঙ্গে বিভিন্ন চার্জ যোগ করে বিনিয়োগ হিসাব তৈরি করা শরিয়াহ নীতিমালার লঙ্ঘন।
৪২ কোটি টাকার বিলম্বজনিত আয় : ২০২৫ সালে বিলম্বিত ঋণ ও বিল পরিশোধের বিপরীতে ব্যাংকটি ১৭ কোটি ৯০ লাখ টাকা বিলম্ব মুনাফা এবং ২৪ কোটি ১২ লাখ টাকা বিলম্ব পরিশোধ বাবদ আয় করেছে। সব মিলিয়ে এ দুই খাতে আয় ৪২ কোটি ২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্ধারিত সময়ে বিনিয়োগ পরিশোধ না হলে ক্ষতিপূরণ আরোপ করা যায়। কিন্তু বিলম্বের কারণে অতিরিক্ত মুনাফা আদায় শরিয়াহ নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এসব অর্থের হিসাব ও ব্যবহার নির্ধারিত নিয়মে করতে হবে। এছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের ইউপাস বিনিয়োগে নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময়ের জন্য মুনাফা আরোপ করে ৪ কোটি ৩৯ লাখ টাকা আয় করেছে ব্যাংক। এ অর্থও ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।
৩০ কোটি টাকার বেশি বিনিময় হারজনিত আয় : ২০২৫ সালে ইউপাস এলসির বিলম্বিত নিষ্পত্তির কারণে বিনিময় হার থেকে ৩০ কোটি ৪৭ লাখ টাকা আয় দেখিয়েছে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতে, এটি ব্যাংকের বৈধ আয় নয়। বরং গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ। প্রতিবেদনে একটি নির্দিষ্ট লেনদেনের উদাহরণ দেওয়া হয়েছে। আনোয়ার সিমেন্টের একটি এলসির বিল পরিশোধের সময় ডলারের বিনিময় হার ১২২ টাকা ৫০ পয়সার পরিবর্তে ১২৩ টাকা ৩০ পয়সা হিসাবে নেওয়া হয়। এতে ৬ লাখ ১০ হাজার ৪৩০ টাকা ৬৭ পয়সা অতিরিক্ত আদায় হয়েছে। এ অর্থ গ্রাহককে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই লেনদেনে বিলম্বজনিত জরিমানার হিসাবেও অতিরিক্ত ৪৩ হাজার ২৭৭ টাকা ৪৮ পয়সা ফেরত দেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও যেসব অনিয়ম : প্রতিবেদনে আরও কয়েকটি গুরুতর অনিয়ম তুলে ধরা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালে সুইফট চার্জ বাবদ ১৬ কোটি ৫৪ লাখ টাকা আয় করেছে ব্যাংক। অথচ নিয়ম অনুযায়ী প্রকৃত ব্যয়ের ভিত্তিতে এ চার্জ আদায় করতে হবে। ছয়টি বিনিয়োগ হিসাবের মেয়াদ বাড়িয়ে আবারও অতিরিক্ত মুনাফা আরোপ করা হয়েছে। এর পরিমাণ ৬১ লাখ ৮১ হাজার ৮৭৮ টাকা। সিলেট শাখায় আলিম ইন্ডাস্ট্রিজের ৪০ লাখ টাকার বিনিয়োগে সরবরাহকারীর নামে পে-অর্ডার ইস্যু করা হলেও তা বাতিল করে নগদ উত্তোলন করা হয়। এছাড়াও ঢাকা প্রধান শাখায় আমির গার্মেন্টসের নামে একটি ক্যাশ মেমোর বিপরীতে একাধিক বিনিয়োগ হিসাব তৈরি করা হয়েছে। এসব হিসাবের বিপরীতে প্রয়োজনীয় ভ্যাট চালান, পরিবহণ রসিদ ও অন্যান্য প্রমাণ পাওয়া যায়নি। মুশারাকা থেকে ৩ কোটি ৩৬ লাখ, মুরাবাহা থেকে ৩ কোটি ৯৯ লাখ এবং বাই-মুয়াজ্জাল থেকে ৯৯ কোটি ৫৭ লাখ টাকা প্রফিট সাসপেন্স হিসাব থেকে আয় খাতে স্থানান্তরের বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে একটি হিসাবে রেয়াত দেওয়ার পরও অতিরিক্ত মুনাফা আয় খাতে স্থানান্তরের হিসাব পাওয়া গেছে। আমদানি বিল পরিশোধের আগেই গ্রাহকের নামে দায় তৈরি করে বিনিয়োগ হিসাব খোলার ঘটনা পাওয়া গেছে। বিনিয়োগ হিসাব তৈরির দিন থেকেই মুনাফা আরোপের প্রমাণ পেয়েছে পরিদর্শক দল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফোর্সড বিনিয়োগ থেকে পাওয়া ১৮ কোটি ৩৭ লাখ টাকা ক্ষতিপূরণ খাতে স্থানান্তরযোগ্য হলেও ব্যাংক তা আয় হিসাবে দেখিয়েছে। একইভাবে ক্ষতিপূরণ আদায়ের অর্থ আয় হিসাবে স্থানান্তরের ঘটনাও পাওয়া গেছে।
ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্তই মানা হয়নি : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, ব্যাংকটির বিনিয়োগ কার্যক্রমে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ইসলামী ব্যাংকিংয়ে পণ্য কেনাবেচা, মালিকানা হস্তান্তর এবং ঝুঁকি গ্রহণ গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু ব্যাংকটি এসব শর্ত যথাযথভাবে পালন না করে কাগজপত্রের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করেছে। পরিদর্শক দল বলেছে, ব্যাংকটির অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শনেও অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে উঠে আসেনি। ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় গ্রাহকের নামে ক্যাশ মেমো, সরবরাহকারীর অস্তিত্ব না পাওয়া, পণ্য সরবরাহের প্রমাণ না থাকা এবং গ্রাহকের নিজের মাধ্যমে বিনিয়োগের টাকা উত্তোলনের মতো ঘটনা ঘটেছে। অথচ ব্যাংকের অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শন প্রতিবেদনে এসব অনিয়মের উল্লেখ ছিল না। জানতে চাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন, ‘শরিয়াহ নিয়ে দেশে সুনির্দিষ্ট কোনো আইন নেই। ২৫ বছর পর্যন্ত ফতোয়ার ওপর চলছে। বাংলাদেশ ব্যাংক আমাদের বলেছে কোন কোন ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘন হয়েছে। যেসব জায়গায় লঙ্ঘনের কথা বলেছে, তা আমরা কারেকশন করে নিয়েছি।’ তিনি বলেন, ‘ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই প্লেসমেন্ট) বিনিয়োগকে তারা শরিয়াহবিরোধী বলছে। কিন্তু একসময় এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলা হয়েছিল। ২৫ বছর পর এখন যদি বাংলাদেশ ব্যাংক বলে এটি শরিয়াহবিরোধী, তাহলে আমরা আর করব না। এনজিওতে অর্থায়ন করাকে এখন শরিয়াহবিরোধী বলা হচ্ছে। আমরা আর করব না।’ তিনি আরও বলেন, ‘এখন আইবিআরপিডি (ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট) হয়েছে। তারা নতুন নতুন পলিসি করবে, এটাই স্বাভাবিক। আমরা নতুন নিয়ম ফলো করব। অর্থাৎ অর্থায়ন নিষেধ করলে আমরা আর করব না। আরেকটি বিষয়, পুনঃতফসিল বা পুনঃবিনিয়োগ-এটি পলিসি সাপোর্ট মেনে করা হয়েছে। পলিসি সাপোর্ট দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে। এ চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে লিখে দিয়েছে, আমরা সেভাবেই করেছি।’
তিন মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ : বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির সব নীতিমালা, বিধিবিধান, কার্যপদ্ধতি, চুক্তি, পণ্য, সেবা ও প্রচারসামগ্রী শরিয়াহ সুপারভাইজরি কমিটির অনুমোদনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। এজন্য তিন মাস সময় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা জোরদার, অসমন্বিত আইবিডিএ নিষ্পত্তি, শরিয়াহবহির্ভূত আয় ক্ষতিপূরণ খাতে স্থানান্তর এবং সুদভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।