Image description
তদন্তে ধামাচাপা পড়ে সবকিছু

বিদেশে যাওয়ার স্বপ্ন বুকে বেঁধে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আসেন হাজারো মানুষ। কেউ শেষ সম্বল জমি বিক্রি করেন, কেউবা চড়া সুদে ধারদেনা করে জোগাড় করেন বিদেশযাত্রার টাকা। প্রবাসগামী এসব মানুষের অনেকের কাছেই সরকারি এ প্রতিষ্ঠানটি শেষ ভরসা। অথচ রক্ষকের ভূমিকায় থাকা সে বিএমইটিই যেন পরিণত হয়েছে ভক্ষক বা দানবে। সরকারি এ সংস্থাটিকে ঘিরে নানান বিতর্ক ও অভিযোগ বহু পুরোনো হলেও বিভিন্ন সময়ে তথ্য-প্রমাণ সামনে এলে অদৃশ্য এক প্রভাবে সবকিছু থমকে যায়। বহুবার তদন্ত কমিটি গঠনের খবর এলেও কারও বিরুদ্ধেই উল্লেখযোগ্য কোনো শাস্তির নজির নেই। তবে অনুসন্ধানে বিএমইটির ভেতরের এক অন্ধকার জগতের সন্ধান মিলেছে, যেখানে ‘বিশেষ টোকেন’ হাতে থাকলেই যেন সব অনিয়ম ও অপকর্মের বৈধতা মেলে এবং সিন্ডিকেটের দাপটে তদন্তের নামে সবকিছু ধামাচাপা পড়ে যায়।

তথ্য বলছে, এই সিন্ডিকেটের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন বহু বিদেশগামী কর্মী এবং জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ী। কিন্তু হয়রানির ভয়ে ভুক্তভোগীদের কেউই সহজে মুখ খুলতে চান না। অনুসন্ধানে এই সিন্ডিকেটের মূলহোতা হিসেবে সংস্থাটির উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপপরিচালক জোহরা মনসুরকে শনাক্ত করেছে কালবেলা। তাদের ঘিরেই গড়ে উঠেছে অদৃশ্য এক সিন্ডিকেট, যার প্রভাব থেকে রেহাই পাচ্ছেন না সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে জনশক্তি খাতের ব্যবসায়ীরাও। এমনকি বিএমইটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তারা থাকেন মূল ভূমিকায়। পাশাপাশি বিভিন্ন অনিয়ম তদন্তে গঠিত কমিটি পরিচালনা করার দায়িত্বও পালন করেন এই দুজন; অথচ কোনো তদন্তেই অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয় না বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, জনশক্তি ছাড়পত্র থেকে শুরু করে ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রম, কর্মীদের ছবি তোলা, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ-পদোন্নতি এবং রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ওঠা অনিয়মের তদন্তের নামে ধামাচাপাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন উল্লেখিত দুই কর্মকর্তা। সরকারি ফির বাইরে প্রবাসগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, তাদের ঘিরে বিএমইটিতে এমন একটি প্রভাববলয় তৈরি হয়েছে, যেখানে কোনো কাজেই এই দুজনের সঙ্গে যোগাযোগ ছাড়া অগ্রসর হওয়া কঠিন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিবর্তনের পর মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এলেও বিএমইটির এই প্রভাববলয়ের দাপট কমেনি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

‘আমি প্রবাসী’ অ্যাপে কোটি টাকার কারবার: আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে রেজানুল হক চৌধুরীর বিরুদ্ধে। ওই সময় জনশক্তি ছাড়পত্রের আইটি-সংক্রান্ত দায়িত্বও পান তিনি। যদিও বিএমইটির অনেক বড় বড় কর্মকর্তা থাকার পরও রেজওয়ানই এই দায়িত্ব পালন করেন।

তথ্য বলছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে প্রবাসগামী কর্মীদের জনশক্তি ছাড়পত্র, নিবন্ধন ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। অভিযোগ রয়েছে, এসব সেবার জন্য নির্ধারিত সরকারি ফির বাইরে কর্মীদের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আদায় করা হতো।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে জমা পড়া একটি অভিযোগে দাবি করা হয়েছে, প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার কর্মীর জনশক্তি ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন হতো। সে হিসাবে প্রতিদিন বিপুলসংখ্যক কর্মীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি হয়েছিল। সব মিলিয়ে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে ২৫ লাখেরও বেশি মানুষের ছাড়পত্র ইস্যু করা হয়। সে হিসেবে এই চক্র ২০০ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।

অভিযোগকারীর দাবি, ওই সময় জনশক্তি বিভাগের আইটি-সংক্রান্ত দায়িত্বে ছিলেন উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী। ‘আমি প্রবাসী’ অ্যাপের কার্যক্রমের ওপর পুরো নিয়ন্ত্রণ ছিল তার।

শুধু অ্যাপের মাধ্যমে অর্থ আদায় নয়, বিএমইটির কাকরাইল কার্যালয়ের সপ্তম তলায় ‘আমি প্রবাসী’ অ্যাপসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস চালু করে কর্মীদের ছবি তোলার ব্যবস্থাও করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ছবি তোলার জন্য প্রত্যেক কর্মীর কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হতো। এ কাজের দায়িত্ব জোহরা মনসুর তার এক আত্মীয়কে দিয়েছিলেন। ওই ব্যক্তি বিএমইটিতে জোহরা মনসুরের ভাই হিসেবে পরিচিত।

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে চুক্তি সংশোধন: আমি প্রবাসী লিমিটেডের অ্যাপের মাধ্যমে প্রবাসগামী কর্মীদের কাছ থেকে আদায় করা সার্ভিস চার্জের ১০ শতাংশ অর্থ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডকে দেওয়ার নির্দেশনা দিয়েছিল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এ অর্থ প্রদানের পাশাপাশি বিএমইটিকে প্রতিষ্ঠানটির সঙ্গে রাজস্বের হিসাব সমন্বয় এবং অর্থ পরিশোধের বিষয়ে মন্ত্রণালয় ও বিএমইটিকে অবহিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ২০২৪ সালের ২৪ জানুয়ারি সংশোধিত সার্ভিস অ্যাগ্রিমেন্টে এসব শর্তের সবগুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

২০২৩ সালের ৯ নভেম্বর তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয়, আদায় করা সার্ভিস চার্জের (ভ্যাট ও ট্যাক্স বাদে) ১০ শতাংশ অর্থ মন্ত্রণালয়ের পক্ষে সরাসরি ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডকে দিতে হবে। কিন্তু সংশোধিত চুক্তির ৩.৪ ধারায় বলা হয়েছে, আমি প্রবাসী লিমিটেড মাসিক ভিত্তিতে রাজস্বের ১০ শতাংশ বিএমইটিকে পরিশোধ করবে। বিএমইটি মন্ত্রণালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। অর্থাৎ, মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্দিষ্ট করে দেওয়া ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের পরিবর্তে সংশোধিত চুক্তিতে বিএমইটিকে অর্থ পরিশোধের কথা বলা হয়েছে। বোর্ডের হিসাবে অর্থ জমা দেওয়ার বিষয়টি চুক্তিতে স্পষ্ট করা হয়নি। এ ছাড়া সার্ভিস চার্জের ১০ শতাংশ প্রদানের মূল নির্দেশনা সংশোধিত চুক্তিতে অন্তর্ভুক্ত হলেও অর্থের নির্ধারিত প্রাপক, হিসাব সমন্বয়, মন্ত্রণালয়কে অবহিত করা এবং পৃথক কার্যকর তারিখের মতো গুরুত্বপূর্ণ শর্ত যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

২৫২ রিক্রুটিং এজেন্সি অনুমোদন, বেশিরভাগই নামসর্বস্ব: কাগজে-কলমে লাইসেন্স আছে, কিন্তু বাস্তবে নেই অফিস কিংবা কার্যক্রম। কোনো এজেন্সির নিবন্ধিত ঠিকানায় গিয়ে পাওয়া যাচ্ছে অন্য প্রতিষ্ঠানের অফিস, কোথাও একই ঠিকানায় একাধিক রিক্রুটিং এজেন্সির নাম থাকলেও সেগুলোর কোনো অস্তিত্ব মিলছে না। আবার কেউ অফিস পরিবর্তনের কথা বলে দায় এড়াচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে অনুমোদন পাওয়া ২৫২টি নতুন রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে সরেজমিন অনুসন্ধানে এমন চিত্রই উঠে এসেছে। অর্থাৎ, বিদেশে কর্মী পাঠানোর মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাতে লাইসেন্স পেয়েও অনেক প্রতিষ্ঠানের বাস্তব উপস্থিতি নেই। এ ছাড়াও যে কয়টি পাওয়া গেছে তারা কেউ এখনো বিদেশে কোনো কর্মীই পাঠাতে পারেনি।

২০২৫ সালের নভেম্বরে ২৫২টি নতুন রিক্রুটিং এজেন্সির অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এক বছর পর সরেজমিনে এসব প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানায় খুঁজতে গিয়ে বেশ কিছু এজেন্সিকে খুঁজে পাওয়া যায়নি। সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর ফকিরাপুলের শতাব্দী সেন্টারের ১১ তলায় নতুন অনুমোদন পাওয়া রিক্রুটিং এজেন্সি আরএসপি স্মার্ট ইন্টারন্যাশনালের অফিস। কিন্তু বাস্তবে সেখানে দেখা যায় ভিন্ন একটি অফিস। সেখানে থাকা সী ওয়ার্ল্ডের মালিক জানান, এমন কোনো প্রতিষ্ঠান এই ঠিকানায় ছিল না।

নতুন নিবন্ধন পাওয়া বেশ কিছু রিক্রুটিং এজেন্সির অফিস রয়েছে নয়াপল্টনের সিটি হার্ট সেন্টারে। নথি বলছে, ভবনের একই অফিসের ঠিকানায় রয়েছে নবাবগঞ্জ ও আর রাইয়ান ওভারসিজ। কিন্তু কোনোটিরই অফিস নেই সেখানে। একইভাবে মুমতাহিনা ওভারসিজসহ বেশ কয়েকটির খোঁজ মেলেনি। পাশেই চায়না টাউনে রয়েছে আরও একাধিক নতুন রিক্রুটিং এজেন্সির অফিস। সেখানেও ফায়েজ ওভারসিজ, সুমন রিক্রুটিং এজেন্সি এবং আল আদিবা এমপ্লয়মেন্ট এজেন্সির নিবন্ধিত ঠিকানায় কোনো অস্তিত্ব নেই। নয়াপল্টন-বিজয়নগর এলাকায় থাকা ভিআইপি টাওয়ার ও আকরাম টাওয়ারসহ আশপাশের কয়েকটি এজেন্সির অফিসও খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ অফিস পরিবর্তনসহ নানা অজুহাতের কথা বলেছেন মোবাইল ফোনে।

যা বলা হয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগে: উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী ও তার ঘনিষ্ঠ উপপরিচালক জোহরা মনসুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে। সেই অভিযোগের একটি কপি এসেছে কালবেলার হাতে। সেখানে একজন ব্যক্তি দাবি করেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণ এখনো বহাল রয়েছে বিএমইটিতে। জনশক্তি ছাড়পত্রের নামে প্রবাসগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি দপ্তরে নিয়োগ-বদলি ও পদোন্নতিতে বাণিজ্য, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স অনুমোদন এবং অনিয়মের তদন্ত প্রভাবিত করা—বিএমইটির গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে এই চক্রের প্রভাব বিস্তারের চিত্র উঠে এসেছে।’

এই চক্রের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি ‘আমি প্রবাসী’ অ্যাপ ঘিরে। এ ছাড়া বিএমইটির কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। ২০২৪ সালে সংস্থাটির বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ছাড়াই অর্থের বিনিময়ে প্রায় ১২০ জনকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ বাণিজ্যের পাশাপাশি পদোন্নতি ও বদলির ক্ষেত্রেও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এই বলয়ের বিরুদ্ধে। এ ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তদন্তের নামে তা ধামাচাপা দেওয়া এবং লাইসেন্স অনুমোদন প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

অনিয়ম-দুর্নীতির পাহাড়, সব ধামাচাপা দেন জোহরা মনসুর: অনুসন্ধানে জানা গেছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরজাহান আক্তার চাকরির সুবাদে জনশক্তি রপ্তানি খাতের কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরে রিক্রুটিং এজেন্সির ব্যবসায় যুক্ত হয়ে বিএমইটিকেন্দ্রিক প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। ২০২৫ সালের ১৩ জুলাই কালবেলায় প্রকাশিত ‘বেপরোয়া ৫৩ এজেন্সি’ প্রতিবেদনে অন্তত ৫৩টি রিক্রুটিং এজেন্সির অনিয়মের তথ্য উঠে আসে। এতে সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে নূরজাহানের নাম আসে। তার নিজের প্রতিষ্ঠান টি-টোয়েন্টি ওভারসিজের (আরএল-১৪১৫) মাধ্যমে প্রশিক্ষণ সনদ ছাড়া নারী কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার তথ্যও প্রকাশিত হয়। গত বছরের ২৩ সেপ্টেম্বর ‘অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস’ কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে বিএমইটির সংরক্ষিত বহির্গমন শাখায় নূরজাহান ও তার সহযোগী মো. রুবেলের নানা অপকর্মের তথ্য তুলে ধরা হয়। এর পর গত ৩ মে কালবেলায় প্রকাশিত ‘মানব পাচারের রানি নূরজাহান’ শীর্ষক আরেক প্রতিবেদনেও নূরজাহানের নানা অপকর্ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য উঠে আসে। এসব ঘটনা আমলে নিয়ে মামলো করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে নূরজাহানের অনিয়ম ও দুর্নীতি-সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্যও পেয়েছে দুদক। এছাড়া দুদক ও সিআইডিতে নূরজাহান দম্পতির নামে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে একাধিক মামলায় খুব শিগগিরই অভিযোগপত্র দেবে তদন্তকারী সংস্থা দুটি। তবে বিএমইটির তদন্তে দেখা যায় ভিন্ন চিত্র। এসব ঘটনায় বিএমইটির পক্ষ থেকে গঠিত একাধিক তদন্ত কমিটি নূরজাহানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি। সব অভিযোগ থেকে তাকে দেওয়া হয়েছে অব্যাহতি।

তথ্য বলছে, নূরজাহানের বিরুদ্ধে গঠন হওয়ার তদন্ত কমিটির প্রধান ছিলেন জোহরা মনসুর। এছাড়া ৫৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কিশোরী পাচারের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রধান ছিলেন বিএমইটির সাবেক একজন এডিজি। তবে জোহরা মনসুরের নানা অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এখনো সেই তদন্ত আলোর মুখ দেখেনি বলে অভিযোগ রয়েছে। শত শত নারীকে নিয়ম-বহির্ভূতভাবে বিদেশে পাচার করা হলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, জানা গেছে, জোহরা মনসুরের পদোন্নতিও ছিল বিতর্কিত। তিনি তার সিনিয়র কর্মকর্তাদের ডিঙিয়ে জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করে পদোন্নতি নিয়েছেন আওয়ামী ঘনিষ্ঠ এই কর্মকর্তা।

জানা গেছে, জোহরা মনসুর বর্তমানে বিএমইটির নিয়ন্ত্রণ ধরে রাখতে নিজেকে বিএনপিপন্থি কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেন। তবে তথ্য বলছে, অতীতে তিনি ছিলেন আওয়ামী লীগের অন্তঃপ্রাণ। এমনকি দলটিকে নিয়ে নানা ধরনের ইতিবাচক বিষয় ফেসবুকে শেয়ার করতেন। শেখ মুজিবুর রহমানকে নিয়ে গেয়েছেন গানও। সেই গান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে শেয়ারও করা হয়।

জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) উপপরিচালক জোহরা মনসুর প্রশ্ন শুনে কালবেলাকে বলেন, ‘আমি সুইয়ের ওপর দিয়ে কাজ করি। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত না। যারা আমাকে চেনে তারা জানে।’

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরীকে একাধিকবার ফোন দিয়েও তার সাড়া পাওয়া যায়নি। এরপর প্রশ্ন লিখে মেসেজ পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ জিল্লুর রহমান খান কালবেলাকে বলেন, ‘কোনো ব্যক্তি কোনো অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ডিজি স্যার খুবই স্ট্রিক্ট, কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই।’