রাজধানীর বনানীতে সেই ভয়াবহ আগ্নিকাণ্ডের বহুল আলোচিত বহুতল ভবন এফআর টাওয়ার খোলার তোড়জোড় চলছে। বর্তমানে ভবনটির ভেতরে-বাইরে পুরোদমে চলছে সংস্কারকাজ। ভাড়া দেওয়ার জন্য টানানো হয়েছে ‘টু-লেট’ লেখা ব্যানার। ইতোমধ্যে ভবনের সব ফ্লোর নাকি ভাড়াও হয়ে গেছে। অথচ রাজউক বলছে, ভবন খোলার বিষয়ে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। বেআইনিভাবে খোলার চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে খোঁজ নিয়ে জানা যায়, এখন পর্যন্ত রাজউকের পক্ষ থেকে এফআর টাওয়ারে কোনো ধরনের অভিযান চালানো হয়নি। এমনকি এ বিষয়ে ভবনের মালিকপক্ষকে সতর্ক করা কিংবা সংস্কারকাজ চালাতে বাধা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এ সময় প্রাণ বাঁচাতে আতঙ্কিত হয়ে অনেকে সুউচ্চ ভবন থেকে লাফিয়ে পড়েন নিচে। এছাড়া ভেতরে আটকে থাকা অনেকে বাইরে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ২৬ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত হন আরও অন্তত ৭৫ জন। যাদের বেশির ভাগ আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এ ঘটনায় একাধিক মামলা হলে ভবন বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিন : সম্প্রতি রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিউনিউয়ে অবস্থিত এফআর টাওয়ারে সরেজমিন দেখা যায়, ভবনের নিচে ‘টু-লেট এফআর টাওয়ার’ লেখা বিশালাকারের ব্যানার টানানো হয়েছে। এতে বড় হরফে দুটি মোবাইল নম্বর লেখা। ভাড়াটিয়া পরিচয় দিয়ে একটি নম্বরে কল করা হলে হাসান নামের একজন কল ধরে বলেন, ইতোমধ্যে প্রায় সব ফ্লোর ভাড়া হয়ে গেছে। আর অল্পকিছু জায়গা খালি। ভাড়া নিতে চাইলে তাড়াতাড়ি আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ভবনের নিচে গেলে দেখা যায়, পুরোদমে চলছে সংস্কারকাজ। বাইরের অংশে কাচ লাগানোর জন্য ইতোমধ্যে স্টিলের ফ্রেম ফিটিং করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া মালামাল ভেতর থেকে বের করা হচ্ছে। সেগুলো বস্তায় ভরে ভবনের নিচেই স্তূপ করে রাখছেন শ্রমিকরা। প্রধান ফটক দিয়ে ঢোকার সময় একজন নিরাপত্তাকর্মী পরিচয় জানতে চান। ভাড়ার বিষয়ে কথা বলতে এসেছি জানানো হলে তারা ভেতরের একটি অফিস কক্ষ দেখিয়ে দেন।
কাচঘেরা ছোট্ট একটি কক্ষে দুজন কর্মচারীকে দেখা যায়। তাদের একজন নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে বলেন, তৃতীয় তলায় দেড় হাজার বর্গফুটের একটি জায়গা খালি আছে। ভাড়া নিতে চাইলে সেটি দেখতে পারেন। একপর্যায়ে লিফট চালু করে প্রতিবেদককে সঙ্গে নিয়ে তৃতীয় তলায় যান তিনি। সেখানে ভিভিড ইন্টারন্যাশনাল নামের কোনো প্রতিষ্ঠানের অফিস ছিল। আগুনে অফিসসামগ্রীর কিছুই আর অবশিষ্ট নেই। পুড়ে যাওয়া কম্পিউটার ডেস্ক, অফিস স্টেশনারি ও কাগজপত্র এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
দেখা যায়, আগুনের প্রচণ্ড তাপে ভবনের মেঝের টাইলস ফেটে গেছে। খসে পড়েছে দেওয়ালের প্লাস্টার। নির্মাণশ্রমিকরা বস্তায় ভরে ভাঙা টাইলস সরিয়ে নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত দেওয়ালে নতুন করে প্লাস্টার করা হচ্ছে। ভবনের ভেতরের অংশে নতুন করে মোটা পানির পাইপও বসানো হচ্ছে।
ভবন খোলার জন্য রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন নেওয়া হয়েছে কি না-এমন প্রশ্ন করা হলে ভবনের ম্যানেজার পরিচয় দেওয়া হাসান বলেন, ‘জ্বি, অনুমোদন নেওয়া হয়েছে। না হলে কি এমনি ভবন খোলা হয়েছে? সবাইকে ম্যানেজ করতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। এজন্য ভাড়া এবার কিছুটা বেশি। যারা ইতোমধ্যে ভাড়া নিয়েছেন, তারা সব খোঁজখবর নিয়েই এসেছেন।’
ভবন রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আয়তন হিসাব করে ন্যূনতম ৩৮০ টাকা বর্গফুট হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে। এর সঙ্গে ৬ মাসে অগ্রিম ভাড়া এবং নিরাপত্তা জামানত হিসাবে আরও ৬ মাসের ভাড়া জমা দিতে হবে। কথাবার্তা চূড়ান্ত হলে মালিকপক্ষ ভাড়া চুক্তিপত্র স্বাক্ষর করে দেবেন। তবে ভবনের মূল মালিক সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক বছর দুয়েক আগে মারা গেছেন। বর্তমানে তার পুত্রবধূ অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস পিয়া ভবনের দেখাশোনা করছেন। তার সঙ্গে সাক্ষাৎ করে কথা ফাইনাল করতে হবে।
কিছুই জানে না রাজউক : এফআর টাওয়ার খোলার অনুমোদনের বিষয়ে জানতে সম্প্রতি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের মুখোমুখি হয় যুগান্তর। তার দপ্তরে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি তিনি অবগত নন বলে দাবি করেন। তবে তাৎক্ষণিক তিনি পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হককে অফিসে ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই মনিরুল হক উপস্থিত হয়ে মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে এ বিষয়ে দফায় দফায় কল করে হালনাগাদ তথ্য জানতে চান। এরপর তিনি যুগান্তরকে বলেন, ‘আমরাও খবর পেয়েছি। ভবনটি খোলার চেষ্টা হচ্ছে। তবে শিগ্গিরই অভিযান চালিয়ে ভবন বন্ধ করে দেওয়া হবে।’
এদিকে এক সপ্তাহ পার হলেও রাজউক সেখানে কোনো অভিযান চালায়নি। যথারীতি এফআর টাওয়ারের সংস্কারকাজ অব্যাহত আছে। ফলে প্রতীয়মান হয়, অফিশিয়ালি স্বীকার না করলেও রাজউকের সম্মতি নিয়েই ভবনটি নতুন করে চালুর তোড়জোড় চলছে।
ফায়ার সার্ভিসের প্রতিবেদন : এফআর টাওয়ারে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হয়। এতে ভবনের বেশকিছু সমস্যা ও সীমাবদ্ধতা ধরা পড়ে। যেমন: ভবনে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা (এয়ারটাইট), আগুন থেকে সুরক্ষা এবং কোনো ধরনের ভেন্ডিলেশন না থাকা। অফিসের সাজসজ্জায় দাহ্য পদার্থের ব্যবহার, পূর্ব ও পশ্চিমে কোনো ফাঁকা জায়গা না রাখা। কাচ দিয়ে ডেকোরেশন করা। কম্পিউটার, ইলেকট্রনিক্স সামগ্রী, কাগজপত্র ও ফাইল প্রভৃতির ব্যাপক ব্যবহার ও মজুত। ফায়ার এক্সিট ও সেফটি লবি না থাকা। দুটি সিঁড়ির মধ্যে ১টি সার্বক্ষণিক বন্ধ এবং একই ডিরেকশন ও লোকেশন পাশাপাশি থাকা। আগুন প্রতিরোধ এবং ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থা না থাকা।
ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ১৫টি সুনির্দিস্ট সুপারিশ করে। এর মধ্যে ভবন এয়ার টাইট অবস্থায় না রাখা। অগ্নিপ্রতিরোধক ফলস সিলিংয়ের ওপর সংযোজিত বৈদ্যুতিক কেবল কনসিল করা। ভবনের অভ্যন্তরে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন, ফায়ার এক্সিট ও সেফটি লবি স্থাপন করা। রিফিউজ এরিয়া রাখা এবং সেন্ট্রাল ফায়ার অ্যালার্ম সিস্টেম স্থাপন করা। তবে এসব সুপারিশ কতটা বাস্তবায়ন করা হয়েছে কিংবা আদৌ হয়েছে কি না, সে বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সরেজমিন খোঁজ নিয়ে দেখা যায়, তদন্ত প্রতিবেদনে প্রতিরোধমূলক যেসব গুরুত্বপূর্ণ সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলোর কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি। পুরোনো অবকাঠামো এবং আগের সব ধরনের ঝুঁকি বহাল রেখেই ভবনটি চালু করা হচ্ছে। অথচ এ বিষয়ে ফায়ার সার্ভিসের তরফ থেকেও তেমন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান যুগান্তরকে বলেন, আগুন লাগার পর এফআর টাওয়ারের বেশকিছু সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছিল। এখন মালিকপক্ষ এবং সরকারি সংস্থার উচিত ছিল সমস্যাগুলো সমাধান করা। কিন্তু দেখা যাচ্ছে, এক্ষেত্রে এক ধরনের দায়মুক্তির ইকোসিস্টেম বা ম্যানেজ চক্র তৈরি হয়েছে। ফলে আগুনের ঝুঁকি নিয়েই ভবনগুলো আগের অবস্থায় বহাল থাকছে।
বিচারে ধীরগতি : ঘটনার পর পুলিশ এবং দুদকের তরফে পৃথক দুটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশের দায়ের করা মামলা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং ভবন ব্যবস্থাপনা ও নিরাপত্তা কমিটির চরম অবহেলার কারণে ভবনে আগুন লাগে এবং প্রাণহানি ঘটে। ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা, ফায়ার অ্যালার্ম বা জরুরি বহির্গমন পথ সচল না থাকায় ভেতরে আটকে পড়ে ২৬ জনের মৃত্যু হয়।
এ সংক্রান্ত মামলায় ৮ জনকে আসামি করা হয়। তারা হলেন-এফআর টাওয়ারের জমির মালিক ও ভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক (এসএম এইচআই ফারুক), এফআর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি ও কাসেম ড্রাইসেলসের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর-উল-ইসলাম, ভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিম উল্লাহ, এএ মনিরুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান, ওয়ারদা ইকবাল, কাজী মাহমুদুন নবী ও রফিকুল ইসলাম। তবে নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ ২০০৮ সালেই ভবনের কাজ শেষ করে মালিক ও ফ্ল্যাট মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছিল। ফলে রূপায়ণ চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে অভিযাগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভবনটি ২৩ তলা করা হয়। জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভবন মালিকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। তবে এ সংক্রান্ত মামলা দুটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সাক্ষীদের অনেকে নিয়মিত হাজির না হওয়ায় বিলম্বিত হচ্ছে বিচার।
এফআর টাওয়ার খুলে দেওয়া প্রসঙ্গে রাজউকের একাধিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে যুগান্তরকে বলেন, এত প্রাণহানির পরও সংশ্লিষ্টদের যদি কোনো শাস্তি না হয়, তাহলে এমন ঘটনা বারবার ঘটবে। ন্যায়বিচারের উদাহারণ তৈরির জন্য হলেও এফআর টাওয়ার দুর্ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।