সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন, সংসদে উচ্চকক্ষ গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রূপরেখা প্রণয়নের দাবি জানান।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের এ সংলাপে এনসিপি নেতারা খুবই সন্তুষ্ট হয়েছেন বলে জানা গেছে। কারণ, প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তাদের সব কথা শোনেন এবং বৃহত্তর জাতীয় ও দেশের স্বার্থে যা যা করণীয়-সবই করার আশ্বাস দেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা ড. মাহ্দী আমিন। তিনি চব্বিশের গণ-অভ্যুত্থানের সময়কার স্মৃতিচারণা করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের (সোমবার) বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।
দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের সংলাপ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ-সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম-আহ্বায়ক আকরাম হোসেন ছিলেন।
জানা যায়, সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একান্ত বৈঠকে আওয়ামী লীগকে মোকাবিলার প্রশ্নে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সব দলের একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সোমবার এনসিপি এককভাবে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে কিছুটা রুষ্ট হয় জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল। তবে সোমবার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জামায়াতের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেন বিএনপি নেতারা। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জামায়াতের আমির দেশে ফিরলে প্রথমে ১১ দলীয় ঐক্য এবং পরে জুলাই আন্দোলনের অন্য দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপ শেষে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।
মাহ্দী আমিন জানান, বৈঠকে দেশের মানুষ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করলেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মাহ্দী আমিন ছাড়াও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সংলাপে উপস্থিত ছিলেন। সংলাপ শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এনসিপির আলোচনায় গুরুত্ব পেয়েছে ৬টি ইস্যু : প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির পক্ষ থেকে ছয়টি ইস্যু তুলে ধরা হয়েছে। এগুলো হলো-একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ ও জুলাইয়ের গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করা এবং পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করা। এছাড়া গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন করা, জুলাই গণহত্যায় শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং সরকারের একটি অংশ আওয়ামী পুনর্বাসনে জড়িত বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এনসিপি।
ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গত কয়েকদিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলে উল্লেখ করে বলেন, জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব। পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কীভাবে দেশের পরিস্থিতি উত্তরণ ঘটানো সম্ভব, সেটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে এ বিষয়ে একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কি না এ নিয়ে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।
এছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণ-অভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। এছাড়া আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।