কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ করে অপচয় রোধ, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছিল দুটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প। পরিকল্পনা ছিল আধুনিক ও সৌর বিদ্যুৎচালিত হিমাগার নির্মাণের মাধ্যমে কৃষকের জন্য সাশ্রয়ী সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার। কিন্তু বাস্তবে সেই উদ্যোগের চিত্র একেবারেই ভিন্ন। কোথাও কৃষকের ঘরে এসি বসিয়ে, কোথাও লাশবাহী ভ্যান কিংবা ওষুধ সরবরাহের গাড়িতে ব্যবহৃত ফ্রিজ দিয়ে তৈরি করা হয়েছে মিনি হিমাগার। এই প্রকল্পে ১৮০টি হিমাগার নির্মাণের লক্ষ্য থাকলেও তৈরি হয়েছে ১৫০টি। তবে নির্মিত হিমাগারগুলোর অনেকগুলোই বন্ধ, কোথাও বিদ্যুৎ-সংযোগ নেই, আবার কোথাও তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে ব্যর্থতায় নষ্ট হচ্ছে সংরক্ষিত কৃষিপণ্য। বাড়তি বিদ্যুৎ বিল ও পরিচালন জটিলতায় কৃষকরাও মুখ ফিরিয়ে নিয়েছেন এসব হিমাগার থেকে। অথচ প্রকল্প দুটির মাধ্যমে বছরে ২০ হাজার মেট্রিক টন কৃষিপণ্যের অপচয় রোধ, দুই হাজার কৃষকের আয় ৩০ শতাংশ বৃদ্ধি এবং প্রায় দেড় হাজার নারীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিদেশের সফল প্রযুক্তির উদাহরণ টেনে প্রকল্প দুটি নেওয়া হলেও বাস্তবায়নে নিশ্চিত করা যায়নি সেই প্রযুক্তির কার্যকারিতা। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গঠিত তদন্ত কমিটিও বলেছে, বর্তমান ব্যবহারে এসব হিমাগার বাণিজ্যিকভাবে লাভজনক নয়। নতুন করে সম্প্রসারণের আগে আরও গবেষণার সুপারিশ করেছে কমিটি। এমনকি খোদ প্রকল্প পরিচালকও স্বীকার করেছেন, কৃষকের জন্য নেওয়া প্রকল্পটি কৃষিবান্ধব হয়নি। প্রকল্পের কার্যক্রম অনেকটা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ। হিমাগার তৈরি করা হলেও সেগুলোর কার্যকর পরিচালনা, কৃষকের অংশগ্রহণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। ফলে নিয়মিত চালু না থাকায় কৃষকরা উৎপাদিত ফসল সংরক্ষণে আগ্রহ হারিয়েছেন। কেউ পণ্য রাখলেও তা ঠিকমতো সংরক্ষিত হচ্ছে না। কৃষকদের অভিযোগ, অতিরিক্ত বিদ্যুৎ বিল, পণ্য সংরক্ষণ এবং ওঠানো-নামানোর জটিলতা, পাশাপাশি সঠিক তাপমাত্রা বজায় না থাকায় এসব হিমাগার ব্যবহার করে কাঙ্ক্ষিত সুবিধা মিলছে না। দুটি প্রকল্পের কার্যক্রম শেষ হলেও মূল উদ্দেশ্য ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের ফারাক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৪ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পে ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কথা থাকলেও তৈরি হয়েছে মাত্র ৫০টি। অন্যদিকে, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ের আরেকটি প্রকল্পের নথিতে ১০০টি হিমাগার নির্মাণের তথ্য রয়েছে। সব মিলিয়ে ১৮০টির বিপরীতে নির্মাণ করা হয়েছে ১৫০টি। প্রকল্প দুটির একটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে, অন্যটির অক্টোবরে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না করেই শেষ হয়েছে প্রকল্পের কার্যক্রম। ফলে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় করেও কৃষকের জন্য পরিকল্পিত সুবিধা নিশ্চিত করা যায়নি। দুটি প্রকল্পই বাস্তবায়িত হয়েছে সাবেক প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুরের হাত ধরে।
ডিএইর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজগুলো স্থাপন করা হয়েছে স্থানীয় ব্যক্তিদের বাড়ি বা ঘরে। প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৮ লাখ ১৭ হাজার টাকা। পরিকল্পনা অনুযায়ী, এসব হিমাগার সৌরবিদ্যুতে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র কয়েকটিতে ব্যবহার করা হচ্ছে সৌরবিদ্যুৎ। অধিকাংশই চলছে প্রচলিত বিদ্যুতে। কোথাও বিদ্যুৎ-সংযোগ না থাকা, কোথাও অতিরিক্ত লোডশেডিং এবং কোথাও তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে সংরক্ষিত কৃষিপণ্য নষ্ট হচ্ছে। হিমাগারগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা ও অবাস্তব পরিকল্পনায় অর্থ ব্যয়ের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনেও উঠে এসেছে প্রকল্প বাস্তবায়নের নানা অনিয়ম ও সীমাবদ্ধতার চিত্র।
অথচ প্রকল্পের নথিতে বছরে ২০ হাজার মেট্রিক টন কৃষিপণ্যের অপচয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি দুই হাজার কৃষকের আয় ৩০ শতাংশ বাড়ানো, ১ হাজার ৪৮০ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং ২০টি বাজারে পণ্যের মূল্য স্থিতিশীলতা ২০ শতাংশ উন্নয়নের পরিকল্পনাও ছিল। কিন্তু হিমাগারগুলো কার্যকরভাবে চালু না থাকায় এসব লক্ষ্য অর্জনের বাস্তব অগ্রগতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কৃষকের আয় বৃদ্ধি, পণ্যের অপচয় রোধ ও কর্মসংস্থান সৃষ্টির যে উচ্চাভিলাষী লক্ষ্য নেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন মেলেনি।
ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ করা বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা যায়, মেহেরপুরে কৃষকদের জন্য স্থাপিত বিদ্যুৎচালিত পাঁচটি মিনি কোল্ড স্টোরেজের নির্মাণকাজ প্রাথমিকভাবে সম্পন্ন হলেও এখনো চালু হয়নি। রাজবাড়ী জেলায় ৬টি মিনি কোল্ড স্টোরেজ করা হয়েছে। কনটেইনার দিয়ে এসব কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে। এগুলোর অধিকাংশই গ্রিডের বিদ্যুতে চলছে। মাদারীপুরে কোল্ড স্টোরেজ হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। দেড় মাস আগে জামালপুরের দেওয়ানগঞ্জে একটি মিনি কোল্ড স্টোরেজ করা হয়েছে। এমন আরও ২০টি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও মিনি কোল্ড স্টোরেজ করা হয়েছে, কিন্তু লাইন দেওয়া হয়নি, আবার কোথাও নির্মাণ কাজ শেষ হয়নি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকার আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। ২০২৫ সালের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পটির আওতায় দেশের আট বিভাগের ২০ জেলার ৪০ উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের কথা ছিল। প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। সৌর বিদ্যুৎচালিত কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর পরিকল্পনাও ছিল। কিন্তু অধিকাংশ হিমাগারে প্রচলিত বিদ্যুতের ব্যবহার সেই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তির লক্ষ্যকেই বাধাগ্রস্ত করেছে। ফলে কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ থেকে শুরু করে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার—কোনো ক্ষেত্রেই প্রকল্পের ঘোষিত লক্ষ্য অর্জিত হয়নি। অথচ প্রকল্পের নথিতে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান-২০২৩-এর আলোকে কৃষি খাতের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে কৃষকের আর্থিক ক্ষতি কমানোর প্রতিশ্রুতিও ছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়নে সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেনি।
অন্য প্রকল্পের ব্যয় বিভাজনের নথি অনুযায়ী, ১৪ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৮০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে শুধু মিনি কোল্ড স্টোরেজ খাতেই বরাদ্দ রাখা হয় ১৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ প্রকল্পের সিংহভাগ অর্থই ব্যয় হওয়ার কথা ছিল হিমাগার নির্মাণে। এ ছাড়া ডাটাবেজ তৈরিতে এক লাখ টাকা, সম্মানি ভাতা বাবদ দুই লাখ টাকা, অনিয়মিত শ্রমিকের মজুরি বাবদ ৩০ লাখ ৩৬ হাজার টাকা, প্রচার ও প্রকাশনায় এক লাখ টাকা, স্টেশনারি খাতে তিন লাখ টাকা এবং প্রকল্প মনিটরিং ও মূল্যায়নে তিন লাখ টাকা বরাদ্দ রাখা হয়।
প্রকল্পের পরিকল্পনায় প্রতিটি হিমাগার পরিচালনায় ২০ জন কৃষকের সমন্বয়ে কমিটি গঠনের কথা ছিল। পাশাপাশি ২০টি জেলার জন্য ২০ জন কোল্ড স্টোরেজ টেকনিশিয়ান এবং তিনজন টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগের সংস্থান রাখা হয়। টেকনিশিয়ানদের দৈনিক ৮০০ টাকা এবং সুপারভাইজারদের দৈনিক এক হাজার টাকা মজুরি দেওয়ার কথা ছিল। কিন্তু মাঠপর্যায়ে হিমাগারের নিয়মিত পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা কিছুই হয়নি।
বিদেশের সফল মডেলের উদাহরণ টেনে প্রকল্পে মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছিল। প্রকল্পের নথিতে ভারতের পাশাপাশি কেনিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনে কুলবট প্রযুক্তির সফল ব্যবহারের উদাহরণ দিয়ে বলা হয়েছে, নবায়নযোগ্য শক্তিনির্ভর এই প্রযুক্তি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী। স্থানীয় গবেষণার তথ্য উল্লেখ করে চট্টগ্রাম, যশোর, নীলফামারী ও রংপুর অঞ্চলে এ প্রযুক্তি প্রয়োগে কৃষকদের আয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনার কথাও বলা হয়েছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়নের পর সেই সম্ভাবনার প্রতিফলন দেখা যায়নি। বরং হিমাগারের ব্যবহার, সংরক্ষণব্যবস্থা, পরিচালন ব্যয় এবং কৃষকের অংশগ্রহণ নিয়ে নানা অসংগতি সামনে এসেছে।
বিভিন্ন অনিয়ম ও কার্যকারিতা নিয়ে অভিযোগ ওঠার পর ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম সরেজমিন অনুসন্ধান ও প্রভাব মূল্যায়নে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কমিটির আহ্বায়ক ছিলেন ডিএইর অতিরিক্ত পরিচালক মো. রওশন আলম। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরিদর্শন করা ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজগুলোর মাঠপর্যায়ের ব্যবহার, সংরক্ষিত কৃষিপণ্যের পরিমাণ, বাজারজাতকরণ সুবিধা ও পরিচালন ব্যয় পর্যালোচনায় দেখা গেছে, বর্তমান ব্যবহারের মাত্রায় এসব মিনি কোল্ড স্টোরেজ বাণিজ্যিকভাবে লাভজনক নয়। তবে স্থাপিত হিমাগার থেকে কৃষকের কিছু প্রান্তিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সব ধরনের কৃষিপণ্য একইভাবে কোল্ড স্টোরেজে সংরক্ষণের উপযোগী নয়। পণ্যের ধরন অনুযায়ী সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, বাছাই, মানভেদে শ্রেণিবিন্যাস, প্রাক-শীতলীকরণ, ক্রেট ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শুধু হিমাগারে পণ্য রাখলেই ফসল কাটার পরবর্তী ক্ষতি স্বয়ংক্রিয়ভাবে কমে না।
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, অধিকাংশ উদ্যোক্তা কৃষকের মিনি কোল্ড স্টোরেজের সঠিক ব্যবহার, সবজি ও ফল নির্বাচন এবং সংরক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত দক্ষতা নেই। এজন্য গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও ব্যবহার নির্দেশিকা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। কিন্তু মাঠপর্যায়ে কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া একই চেম্বারে বিভিন্ন ধরনের সবজি ও ফল সংরক্ষণের পরিবর্তে পণ্যের ধরন অনুযায়ী পৃথক চেম্বারভিত্তিক সংরক্ষণব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল কমানো, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং সারা বছর হিমাগার ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে তদন্ত কমিটি।
প্রতিবেদনের সার্বিক মন্তব্যে বলা হয়েছে, বিসিসিটির অর্থায়নে স্থাপিত ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজগুলো বর্তমান প্রেক্ষাপটে আর সম্প্রসারণ না করে অধিকতর গবেষণার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে। অর্থাৎ নতুন করে আরও হিমাগার নির্মাণের আগে বিদ্যমান প্রকল্পের কার্যকারিতা ও সীমাবদ্ধতা যাচাইয়ের প্রয়োজনীয়তার কথাই বলেছে অধিদপ্তরের তদন্ত কমিটি।
এদিকে কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য আরও প্রায় ২ হাজার মিনি হিমাগার নির্মাণে ৫০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে সেই উদ্যোগও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।
প্রকল্পের নথিতে ক্ষুদ্র হিমাগার পরিচালনার জন্য ২০ জন কৃষকের সমন্বয়ে একটি করে কমিটি গঠনের কথা বলা হয়েছে। হিমাগারগুলো সম্পূর্ণ সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর পরিকল্পনাও ছিল। দেশের আট বিভাগের ২০ জেলার ৪০টি উপজেলা ও থানাকে প্রকল্পের আওতায় আনার তালিকা তৈরি করা হয়। তালিকায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার নির্দিষ্ট উপজেলা ও থানার নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে রাজবাড়ীর সদর ও কালুখালী, মাদারীপুরের শিবচর ও কালকিনি, জামালপুরের ইসলামপুর ও সদর, শেরপুরের সদর ও ঝিনাইগাতী, লক্ষ্মীপুরের সদর ও রামগঞ্জ, বান্দরবানের সদর ও লামা, সাতক্ষীরার সদর ও শ্যামনগর, মেহেরপুরের সদর ও গাংনী এবং যশোরের ঝিকরগাছা ও বাঘারপাড়া রয়েছে।
এ ছাড়া সৌর বিদ্যুৎচালিত কোল্ড স্টোরেজ ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও ছিল। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, ২০২৩-এর আলোকে কৃষি খাতের টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যও উল্লেখ রয়েছে। আধুনিক কোল্ড স্টোরেজ প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়িয়ে ফসলের অপচয় ও আর্থিক ক্ষতি কমানো এবং কৃষকদের আয় ও জীবনমান উন্নয়নের কথা বলা হয়েছে প্রকল্প নথিতে।
কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে এবং প্রকল্পটি কৃষকবান্ধব কি না জানতে চাইলে বর্তমান টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আবুল বাসার মিয়া কালবেলাকে বলেন, গাড়িতে যে ফ্রিজ ব্যবহার করা হয় তা দিয়ে মিনি কোল্ড স্টোরেজ বানানো হয়েছে। মিনি ফার্মার কোল্ড স্টোরেজ বানানো হয়েছে কৃষকের ঘরে এসি ব্যবহার করে। উদাহারণ দিয়ে তিনি বলেন, লাশবাহী ভ্যানে বা ওষুধ সাল্পাই দেওয়ার গাড়িতে যে ফ্রিজ থাকে এই রকম ফ্রিজ দিয়ে মিনি কোল্ড স্টোরেজ বানানো হয়েছে। প্রকল্পে নেওয়া হয়েছে কৃষকের জন্য কিন্তু কৃষিবান্ধব হয়নি। তাই সফলতার দিক বিবেচনা করা সম্ভব না।
সাবেক প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুরের বক্তব্য জানতে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরনেনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আব্দুর রহিম কালবেলাকে বলেন, প্রকল্পে শেষ হলেও কিছু কাজ এখনো বাকি, সেগুলো করা হচ্ছে। কৃষকের জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু কৃষক সুফল না পেলে, উদ্দেশ্য বাস্তবায়ন না হলে প্রকল্প সফল হয়েছে সেটা বলা যাবে না। তবে আমি বলব, সফলতার জন্যই এই প্রকল্প নেওয়া।
এই প্রকল্প নিয়ে প্রথম থেকেই অনিয়মের অভিযোগ ছিল এবং তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনেও বলা হয়েছে প্রকল্পটি কৃষকবান্ধব নয়। এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রহিম বলেন, অভিযোগ ছিল, তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। অনিয়ম প্রমাণিত হলে মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে কিছু ইঞ্জিনিয়ারিং বিষয় ছিল, সেটা আমি বলতে পারব না। অতিরিক্ত বাজেটসহ অন্য কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো ইঞ্জিনিয়ার বলতে পারবে।