জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্যমতে, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি পজিটিভ শনাক্ত হন। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩-তে।
দেশে নতুন এইচআইভি শনাক্তদের মধ্যে শিক্ষার্থীর হার এখন প্রায় ১৭ শতাংশ, ২০২১ সালে যা ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দেশে এইডস আক্রান্ত শিক্ষার্থীর হার দ্বিগুণের বেশি বেড়েছে। গত বছর দেশে মোট ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা এবং পরীক্ষার সুযোগের অভাব পরিস্থিতিকে সামনের দিনে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার বৃদ্ধির ঘটনা উদ্বেগজনক। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সহজে এইচআইভি পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। অন্যদিকে আক্রান্ত তরুণদের চিকিৎসার আওতায় আনা এবং তাদের প্রতি সামাজিক বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও আচরণ দূর করার ওপরও জোর দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ২২৩ জন (১৫ দশমিক ৫০ শতাংশ)। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ), ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) ও ২০২১ সালে ৭২৯ জনের মধ্যে ৫২ জন (৭ দশমিক ১৩ শতাংশ) শিক্ষার্থী ছিল। শেষ পাঁচ বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২২ সালে আক্রান্ত শিক্ষার্থীর হার কিছুটা কমলেও পরবর্তী বছরগুলোয় তা ধারাবাহিকভাবে বেড়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি-সংক্রান্ত তহবিল মূলত বিদেশ থেকে আসত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অনেক বিদেশী তহবিল আসা বন্ধ হয়ে যায়। এ কারণে এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে। সামগ্রিকভাবে আমাদের এইচআইভি আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। তবে প্রচার-প্রচারণা বন্ধ করা যাবে না। বিভিন্ন স্কুল, ক্লাব ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করতে
হবে। শুধু বিদেশী অর্থায়নের ওপর নির্ভর নয়; নিজেদের সক্ষমতাও বাড়াতে হবে।’
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্যমতে, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি পজিটিভ শনাক্ত হন। ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩-তে। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। দেশে এ পর্যন্ত এইচআইভি আক্রান্ত ২ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে নতুন শনাক্তদের ২১ দশমিক শূন্য ৫ শতাংশের বয়স ছিল ২০-২৪ বছরের মধ্যে। ১৫-১৯ বছর বয়সীরা ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। তবে সবচেয়ে বেশি আক্রান্ত, ৬২ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছেন ২৫-৪৯ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে। অর্থাৎ এইচআইভিতে আক্রান্তের মুখ্য অংশই তরুণ ও কর্মক্ষম।
নতুন শনাক্তদের পরিচয়ের শ্রেণীবিন্যাস বিবেচনায় নিয়ে কয়েকটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের উপস্থিতি বেশি দেখা গেছে। ২০২৫ সালে শনাক্তদের মধ্যে ৩৪ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১৪ শতাংশ পুরুষ যৌনকর্মী, ১২ শতাংশ অভিবাসী, ১১ শতাংশ রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং ৬ শতাংশ সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারী ছিলেন। নতুন শনাক্তদের মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা ছিল ২১৭।
দেশে এইচআইভির সামগ্রিক সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক না হলেও শনাক্তের সংখ্যা বাড়ছে। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। দেশের মোট জনসংখ্যার মধ্যে এইচআইভি প্রাদুর্ভাবের হার এখনো দশমিক শূন্য ১ শতাংশের নিচে।
এইডসের চিকিৎসা ও শনাক্তকরণ কার্যক্রমে এখনো ঘাটতি রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ২০২৫ সালের পরিস্থিতির তথ্যে দেখা যায়, আনুমানিক ১৭ হাজার ৪৮০ জন এইচআইভি নিয়ে বসবাস করলেও আনুষ্ঠানিকভাবে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৩ জনের। তাদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) গ্রহণ করেছেন। এ চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কারণ এখন বেশিসংখ্যক মানুষকে স্ক্রিনিং করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে এ সংখ্যা অনেক কমেছে। এটি ভালো সংবাদ।’
সরকারি হাসপাতালে এইচআইভি চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা থাকার বিষয়কে এ রোগ মোকাবেলায় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের এক উপস্থাপনায়। পাশাপাশি সাধারণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও জ্ঞানের ঘাটতি, সরকারি সংস্থা ও কমিউনিটিভিত্তিক সংগঠনের মধ্যে সমন্বয়ের অভাব এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যকে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বণিক বার্তাকে বলেন, ‘এইচআইভি প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। সরকারিভাবে এ উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এইচআইভি প্রতিরোধযোগ্য একটি রোগ। এক্ষেত্রে মানুষকে সচেতন করা, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং স্বাভাবিক জীবনযাপনে উৎসাহিত করা জরুরি। মূলত সচেতনতা তৈরির মাধ্যমেই এ রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সচেতনতা বাড়ানোর উদ্যোগ চালু রয়েছে। জাতীয় পর্যায়ে পরিচালিত এসব কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়।’