প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্য এতে অংশ নেবেন।
এনসিপি ছাড়া বিরোধীদলীয় ১১–দলীয় ঐক্যের শরিকদের কেউ এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সংলাপে আমন্ত্রণ পায়নি। এ নিয়ে জোটেই সংশয় তৈরি হয়েছে।
জোট সূত্র জানায়, জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের ধারণা ছিল– সংলাপে সব রাজনৈতিক দলকে একসঙ্গে ডাকবেন প্রধানমন্ত্রী। কিন্তু, নাহিদ ইসলামকে আলাদা করে ডাকার পর সংশয় থেকে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠক করেন ১১–দলীয় ঐক্যের নেতারা।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত সাড়ে ৯টায়। দুদিনের ব্যবধানে ১১-দলীয় ঐক্যের এটি দ্বিতীয় জরুরি বৈঠক।
মৌখিকভাবে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এই নিয়ে সরকার যোগাযোগ করে আসছিল। সরকারের পক্ষে একজন হুইপ অফিশিয়াল আমন্ত্রণ জানিয়েছেন। দলকেই আমন্ত্রণ জানিয়েছে সরকার। এজন্য নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।সারোয়ার তুষার, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক
গত ১৮ নভেম্বর শেষ হওয়া সংসদের চতুর্থ অধিবেশনের বিরতিতে একান্ত বৈঠক হয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করার আহ্বান জানান। তিনি সরাসরি চব্বিশের মতো আবার জনগণকে নিয়ে আওয়ামী লীগের মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন। আর সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানান।
এরপরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির নেতারা। সংলাপে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে বলে স্ট্রিমকে জানিয়েছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
রোববার যুক্তরাজ্য থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন বলে জানান। তবে শুধু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে তিনি ঐক্যে যাবেন না বলে অবস্থান স্পষ্ট করেন।
চলমান সংকটে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার প্রস্তাব দিয়েছিলেন শফিকুর রহমানের দল জামায়াত। তবে দলটি এখনো সংলাপের আমন্ত্রণ পায়নি। ১১-দলীয় ঐক্যের শরিক মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যদের একই অবস্থা। দলগুলোর নেতাদের ধারণা, সংলাপ হলে তাঁরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণ অবশ্যই পাবেন।
আমন্ত্রণ না পাওয়া কথা জানান চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও মিডিয়া বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ।
জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের রোববার রাতে স্ট্রিমকে জানান, সংলাপের প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে তাঁরাই দিয়েছেন। তাঁরা চেয়েছিলেন– অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আদলে সব দল নিয়ে একসঙ্গে সংলাপের আয়োজন হোক। তাহলে এটিই হতো জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির অটুট ঐক্যের বার্তা।
তিনি বলেন, ‘এখন যেহেতু এনসিপিকে আলাদা করে ডাকা হয়েছে। ধারণা করছি, আমাদেরও ডাকা হবে। আমরা তো বলেই আসছি– ঐক্যের ভিত্তি হতে হবে গণভোট ও জুলাই গণহত্যার বিচার।’
১১-দলীয় ঐক্যের বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে নাম প্রকাশ না করে জোটের এক শীর্ষ নেতা স্ট্রিমকে বলেন, আমন্ত্রণের ধরন দেখতে হবে। জাতীয় সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানান বিরোধীদলীয় নেতাকে। অর্থাৎ লিডার অব অপজিশনকে আমন্ত্রণ করেছিলেন লিডার অব পজিশন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ। তাঁকেও সেদিন আমন্ত্রণের চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি বিদেশে ছিলেন। এখন হয়তো নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। দলকে আমন্ত্রণ জানানো হলে তো এনসিপির চেয়ে বড় দল জোটে রয়েছে; তাদের আগে জানানোর কথা।
তবে এই কথার সঙ্গে একমত নন সারোয়ার তুষার। বিরোধীদলীয় চিফ হুইপকে নয়, এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি তাঁর। সারোয়ার তুষার আরও বলেন, ‘মৌখিকভাবে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এই নিয়ে সরকার যোগাযোগ করে আসছিল। সরকারের পক্ষে একজন হুইপ অফিশিয়াল আমন্ত্রণ জানিয়েছেন। দলকেই আমন্ত্রণ জানিয়েছে সরকার। এজন্য নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের দলকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ পেলে সাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সংলাপ হলে এতদিন বিরোধী জোট যেসব দাবিতে আন্দোলন করে আসছে, প্রধানমন্ত্রীর সামনে তা উপস্থাপন করা হবে।’ তিনি আরও বলেন, ‘গণভোটের রায় কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার বাস্তবায়ন করলেই শুধু জাতীয় ঐক্য হবে।’