ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের সম্ভাব্য পথ খতিয়ে দেখছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে রোববার বেনাপোলের উল্টোদিকে ভারতের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন দলের চারজন জ্যেষ্ঠ নেতা।
দলটির সূত্র বলছে, নেতারা ধাপে ধাপে সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখছেন। তবে শেখ হাসিনা ঠিক কোন পথ দিয়ে দেশে ফিরবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহে এই নেতাদের আগরতলা সীমান্ত এলাকায় যাওয়ার কথা আছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সকালে কলকাতা থেকে রওনা দেন এবং সন্ধ্যায় নিউ টাউনে ফিরে আসেন।
এই সফরে তারা পেট্রাপোল সীমান্তের নানা জায়গা ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
সকাল ৯টার দিকে নিউ টাউন থেকে দুটি গাড়িতে করে চার নেতা রওনা দেন। দুপুর ২টার দিকে তারা পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় পৌঁছান। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে বিকাল ৩টা ৫০ মিনিটে তারা কলকাতার দিকে রওনা হন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া টাইমসকে বলেন, ‘আমরা রোববার পেট্রাপোল সীমান্ত এলাকা ঘুরে দেখেছি। ধাপে ধাপে সব সীমান্ত এলাকা দেখা হচ্ছে। তবে হাসিনা কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।’
এর আগে শেখ হাসিনা একাধিকবার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।
বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে কলকাতায় নিয়মিত নির্বাচনী এলাকাভিত্তিক, জেলা ও উপজেলা পর্যায়ের সভা হচ্ছে। শেখ হাসিনা এসব সভায় অনলাইনে যুক্ত হচ্ছেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে এবং দলের নির্দেশ মেনে চলতে বলছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, হাসিনার দেশে ফেরার অধিকার আছে। তিনি সীমান্ত পার হলে তাকে আটকে রাখা যাবে না।
তিনি টাইমসকে বলেন, ‘বাংলাদেশে ফিরে আসার নাগরিক অধিকার তার আছে। তিনি সীমান্ত পার হলে সরকার কীভাবে তার প্রবেশ আটকাবে? বৈধ পথে আসার সুযোগ আছে। অবৈধ পথেও ঢোকার পথ আছে। আকাশপথ আর স্থলপথ ছাড়াও সুন্দরবনের মধ্য দিয়ে নৌপথ আছে। তাকে এনআইডি, পাসপোর্ট বা ট্রাভেল পাস না দিলেও আটকে রাখা যাবে না।’
সেনাবাহিনীর ভূমিকা
নাছিম বলেন, শেখ হাসিনা যখন একটি বন্ধুত্বপূর্ণ দেশে গিয়েছিলেন, তখন সেনাবাহিনী নিরাপত্তা ও নিরাপদে যাওয়ার ব্যবস্থা করেছিল। তার ফেরার পথ সহজ করতেও এমন ব্যবস্থা নেওয়া হলে তা ভালো হবে।
তিনি আরও জানান, বিভিন্ন সীমান্ত এলাকায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জঙ্গি গোষ্ঠীগুলোর গতিবিধি দল খুব কাছ থেকে দেখছে।
নেতাকর্মীরা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আছেন উল্লেখ করে নাছিম বলেন, ‘কোনো শক্তিই শেখ হাসিনাকে দেশে ফেরা থেকে আটকাতে পারবে না।’
নাম প্রকাশ না করার শর্তে দলের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, সীমান্তের জায়গাগুলোতে আওয়ামী লীগ নিজেদের শক্তি যাচাই করছে। যেসব জেলায় দলের সংগঠন শক্তিশালী, সেসব জেলার সদস্যদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
বিভিন্ন জেলায় কর্মীদের জড়ো করা হচ্ছে বলেও জানান এই নেতা। তার দাবি, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের শক্তি বাড়ছে। পাশাপাশি ঢাকায় আবারও শক্ত অবস্থান তৈরির কাজ চলছে।
হাসিনার ফেরার পক্ষে বিজেপির নেতাদের সুর
টাইমসের কলকাতা প্রতিনিধি জানান, রোববার পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি নামের একটি ধর্মীয় সংগঠন। সমাবেশে হাসিনার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন, কারাগারে থাকা হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়গুলো বড় হয়ে ওঠে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ওই সমাবেশে কথা বলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।
বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, শেখ হাসিনা পেট্রাপোল হয়ে বাংলাদেশে ফিরতে পারেন এবং তার ফেরার দিন খুব দূরে নয়।
সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে হিন্দু সম্প্রদায়সহ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, জানমাল ও সম্মান রক্ষার আহ্বান জানানো হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের ওই দুই নেতা আবারও হাসিনার সম্ভাব্য ফেরা এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান।
অশোক কীর্তনীয়া বলেন, হাসিনাকে অন্যায়ভাবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে ফেরার সুযোগ দেওয়া উচিত। তিনি গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং চিন্ময় প্রভুর মুক্তি চান।
স্বপন মজুমদার অভিযোগ করেন, বিদেশি শক্তির সাহায্যে হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে। তার মতে, এমনভাবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হওয়া উচিত।